সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখলা রেলস্টেশনের কাছে একটি রেলসেতু দেবে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী। অনেকে টিকিট ফেরত দিয়ে বিকল্প বাহন খুঁজে নিচ্ছেন।
রেলওয়ে বিভাগের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, রেল যোগাযোগ পুনঃস্থাপনে আরও দু-তিন দিন সময় লাগতে পারে।
রেলওয়ে বিভাগের মহাপরিচালক মো. আমজাদ হোসেন বলেন, স্থানীয় কিছু বালু ব্যবসায়ী সেতুর নিচ থেকে বালু উত্তোলন করার কারণে সেতুর অবস্থা নড়বড়ে হয়ে গেছে। এ ছাড়া ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সেতুর পিলারের গোড়ার মাটি ও বালু সরে গেছে।
স্থানীয় বালু ব্যবসায়ী মাধবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ খান ও ব্যবসায়ী আলফাজ মিয়া জানিয়েছেন, তাঁরা মন্ত্রণালয় থেকে ইজারা নিয়ে তেলমাছড়া এলাকায় বালু উত্তোলন করছেন। যদিও গত বছরের ২৫ ডিসেম্বর তাঁদের ইজারার মেয়াদ শেষ হয়েছে।
মাসুদ খান আরও বলেন, ‘বালু উত্তোলনের সঙ্গে সেতু দেবে যাওয়ার কোনো সম্পর্ক নেই। সেতু থেকে ৩০০ মিটার দূরে বৈধ জায়গা থেকে আমরা বালু উত্তোলন করি।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম রুটে লোকাল, মেইল ও আন্তনগর মিলিয়ে মোট ১৯টি ট্রেনে প্রতিদিন গড়ে ২৫ হাজার যাত্রী যাতায়াত করেন। সিলেট রেলওয়ে স্টেশনমাস্টার কাজী শহীদুর রহমান বলেন, শুধু সিলেট থেকে প্রতিদিন গড়ে ১১ থেকে ১২ হাজার যাত্রী যাতায়াত করেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেটগামী আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস, সিলেট থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেন কালনী এক্সপ্রেস ও জয়ন্তিকা এক্সপ্রেস যাত্রীদের নিয়ে পথে আটকা পড়ে।
সিলেট স্টেশনে ঢাকাগামী ট্রেনযাত্রী পারভীন বেগম বলেন, ‘আগাম টিকিট কেটে রেখেছিলাম। স্টেশনে এসে জানতে পারি, ট্রেন নাকি যাবে না। এখন বাসের টিকিট কেটে যেতে হবে।’
সিলেটের দক্ষিণ সুরমার রেলস্টেশনে গতকাল শুক্রবার দুপুরে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী কয়েক শ যাত্রী স্টেশনে বসে আছেন। এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আনোয়ার হোসেন নামের এক যাত্রী বলেন, বেলা তিনটায় ট্রেন ছিল। স্টেশনে এসে জানতে পারেন রেল যোগাযোগ বন্ধ। বৃষ্টির কারণে বাসস্ট্যান্ডেও যেতে পারছেন না।
সিলেট স্টেশনে কর্মরত একজন বুকিং সহকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ট্রেন চলাচল বন্ধ থাকায় কয়েক হাজার যাত্রী টিকিট ফেরত দিয়েছেন। তবে আগাম টিকিট করা যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।