সিলেটের সঙ্গে ৩ ঘণ্টা বন্ধ ছিল রেল যোগাযোগ
সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। বগিটি লাইনে তোলার পর দুপুর সাড়ে ১২টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
সিলেট-আখাউড়া রেলপথের শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস। ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে ভাটেরা বাজার স্টেশন অতিক্রম করে মাইজগাঁও যাওয়ার মাঝপথে একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর এক্সপ্রেস পারাবত ট্রেন কুলাউড়ায় এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস সিলেটে আটকা পড়ে।
রেলওয়ের গণপূর্ত বিভাগের কুলাউড়াস্থ জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী ইরফান আলী বলেন, উদ্ধারকারী ট্রেন এলে ক্রেনের সাহায্যে দুর্ঘটনাকবলিত বগিটি লাইনে তোলা হয়। দুপুর সাড়ে ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।