সিলেটের সব নদ–নদীর পানি কমছে

সুরমা নদীর সিলেট শহর পয়েন্ট। সম্প্রতি তোলা ছবিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের প্রধান নদী সুরমার সিলেট শহর পয়েন্টে পানি কমছে। গতকাল মঙ্গলবার থেকে পানি বেড়ে আর কমছিল না। প্রায় ২৪ ঘণ্টা পর এ অবস্থার পরিবর্তন হয়েছে। সুরমার সিলেট শহর পয়েন্টসহ উৎসমুখের কানাইঘাটেও পানি কমছে। সুরমার পানি ধীরে কমলেও কুশিয়ারাসহ সীমান্ত নদ-নদীর পানি কমছে দ্রুত। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার।

সুরমা নদীর সিলেট শহর পয়েন্টে পানি স্থির আকার ধারণ করার আগে ১০ আগস্ট কুশিয়ারার উৎসমুখসহ অন্যান্য পয়েন্টে পানির স্তরের দুই চিত্র দেখা দিয়েছিল। কুশিয়ারার অমলসিদ পয়েন্টে পানি স্থির ছিল, বাড়ছিল শেওলা, শেরপুর ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে। অবশ্য ২৪ ঘণ্টা পর এ অবস্থার পরিবর্তন হয়।

সুরমা নদী সিলেট ও সুনামগঞ্জ জেলা দিয়ে প্রবাহিত। সিলেট জেলায় কানাইঘাট ও সিলেট শহর পয়েন্টে সুরমার পানির স্তর পরিমাপ করা হয়। সুরমা কানাইঘাটে এসে লোভা নদীর সঙ্গে মিলিত হয়েছে। বর্ষায় এই স্থানটি নদীর উৎসমুখ ধরা হয়।
পাউবো জানায়, গত সোমবার সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বাড়লেও গতকাল মঙ্গলবার সকাল থেকে কমছিল। একই সময়ে সুরমার সিলেট শহর পয়েন্টে পানির স্তরে ছিল ভিন্ন রূপ। সোমবার সন্ধ্যায় ৮ দশমিক ৮৮ মিটার থেকে বেড়ে গতকাল সকাল ৬টায় ৮ দশমিক ৯১ মিটারে স্থির হয়ে থাকে। সকাল ৯টা ও দুপুর ১২টায় আরও দুবার পরিমাপে একই রূপ ছিল সিলেট শহর পয়েন্টে। আজ বুধবার পানি কমেছে।
পাউবোর দৈনিক পানির স্তর-সম্পর্কিত তথ্য অনুযায়ী সুরমার সিলেট শহর পয়েন্টে ৮ দশমিক ৯১ মিটার থেকে পানি নেমে আজ সকাল ৬টায় ৮ দশমিক ৮৩ মিটার দিয়ে প্রবাহিত হয়। এরপর দুটো পরিমাপে ২ সেন্টিমিটার পানি কমে দুপুর ১২টায় ৮ দশমিক ৮০ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। একই সময়ে সুরমার কানাইঘাট পয়েন্টে পানি ১১ দশমিক ১৪ মিটার থেকে নেমে আজ দুপুরে ১০ দশমিক ৯৪ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পাউবো সূত্র জানায়, সিলেটসহ তিন জেলার একাংশ দিয়ে প্রবহমান কুশিয়ারা নদীর উৎসমুখ অমলসিদসহ সব কটি পয়েন্টে পানি কমছে। এর মধ্যে অমলসিদে দ্রুত পানি কমার রেকর্ড হয়েছে আজ বুধবার। অমলসিদে পানি গতকাল ১৩ দশমিক ৩৪ মিটার থেকে নেমে আজ দুপুরে ১৩ দশমিক ২ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ১৮ ঘণ্টায় ৩২ সেন্টিমিটার পানি কমেছে। কুশিয়ারার মধ্যবর্তী অংশ ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি ৯ দশমিক ৩ মিটার থেকে নেমে ৮ দশমিক ৯৭ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে শেওলা, শেরপুর পয়েন্টেও পানি কমছে।
পাউবো সূত্র জানায়, সীমান্ত নদ-নদী হিসেবে পরিচিত সারী ও লোভার পানিও কমছে। লোভা নদীর পানি লোভাছড়া পয়েন্টে ১১ দশমিক ৯৯ মিটার থেকে নেমে আজ দুপুরে ১১ দশমিক ৯০ মিটার দিয়ে প্রবাহিত হয়। সারী নদীর জৈন্তাপুরের সারীঘাট পয়েন্টে ৯ দশমিক ৬০ মিটার থেকে নেমে ৯ দশমিক ৫০ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবোর নদ-নদী পর্যবেক্ষকেরা বলছেন, পানি কমার এই ধারাবাহিকতা থাকলে সিলেট অঞ্চলের নদ-নদী অববাহিকা এলাকায় এই মৌসুমে আর নতুন করে বন্যার আশঙ্কা নেই।