নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির বিস্ফোরক-সামগ্রী উদ্ধার মামলায় আদালতে সাক্ষ্য না দেওয়ায় সিলেটের সাবেক জেলা প্রশাসক, র্যাব ও পুলিশসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) মো. নাজির আহম্মেদ এ পরোয়ানা জারি করেন এবং আগামী ২ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁরা হলেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক এস এম ফয়সল, র্যাব-৯-এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) মো. সারওয়ার মোর্শেদ, সিআইডির ঢাকা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. মশিহউদ্দিন, স্থানীয় পত্রিকায় কর্মরত আলোকচিত্রী ইকবাল মনসুর ও শেখ নাছির এবং সিলেটের শাপলাবাগ এলাকার মো. আলম মিয়া ও শেরপুর জেলার বাচ্চু মিয়া।আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১ মার্চ সিলেটের শাপলাবাগ আবাসিক এলাকার ‘সূর্যদীঘল বাড়ি’ থেকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ বাড়ি থেকে বিস্ফোরকদ্রব্য উদ্ধার করার ঘটনায় করা মামলায় এরই মধ্যে আদালতে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গতকাল সাক্ষ্য গ্রহণের ধার্য তারিখে শুধু নগরের আল-ইসলাহ আবাসিক এলাকার বাসিন্দা মো. ফখরউদ্দিন আদালতে উপস্থিত হন। তাঁর সাক্ষ্য নিয়ে আদালতে হাজির না হওয়া অন্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ আগস্ট তারিখ ধার্য ও সাত সাক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।জঙ্গি হামলার তিনটি মামলার সাক্ষ্য গ্রহণ: সিলেটে হজরত শাহ্জালাল (রহ.) মাজার প্রাঙ্গণে বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা, শেখ হাসিনাকে হত্যাচেষ্টা ও নগরের টিলাগড়ে সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ছিল গতকাল। হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ জঙ্গি মুফতি হান্নানসহ অন্য জঙ্গিদের গতকাল সিলেটের বিভিন্ন আদালতে হাজির করে সাক্ষ্য নেওয়া হয়।