সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী নিয়মিত জামিন পেয়েছেন।
আরিফুল হকের জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। অন্য একটি মামলা থাকায় এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
আরিফুলের আইনজীবী বলেন, ওই মামলায় নিম্ন আদালতে সর্বশেষ গত ১১ এপ্রিল আরিফুলের জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে ৯ আগস্ট হাইকোর্ট আরিফুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন। এ রুলের শুনানি শেষে গতকাল হাইকোর্ট জামিন মঞ্জুর করে রায় দেন। আদালতে আরিফুলের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মইনুল হোসেন ও আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। আবদুল হালিম পরে প্রথম আলোকে বলেন, কিবরিয়া হত্যা মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাঁদের বক্তব্যে আরিফুলের জড়িত থাকার বিষয়টি আসেনি। ২০১৪ সাল থেকে আরিফুল কারাগারে আছেন, তিনি অসুস্থ—আবেদনে এসব যুক্তি দেওয়া হয়। হাইকোর্ট নিয়মিত জামিন দিয়েছেন। তবে একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে আরিফুলের বিরুদ্ধে মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।
অবশ্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, আরিফুলের জামিন মঞ্জুর করে দেওয়া রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে হবিগঞ্জ সদর থানায় দুটি মামলা হয়।