সিলেটের সারী নদীর উজানে ভারতের বাঁধের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উৎপাদনের জন্য সিলেটের সারী নদীর উজানে ভারতের মেঘালয়ের জৈন্তিয়া হিলস জেলার মাইন্টডু নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদে গত রোববার সিলেটের জৈন্তাপুরে প্রতিবাদ সমাবেশ হয়েছে।সমাবেশে বিশিষ্ট লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সারী নদীর উজানে বাঁধ দেওয়ায় সিলেট অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। বাঁধের কারণে সারী নদীর স্বাভাবিক গতি বিঘ্নিত হবে।’ তিনি বলেন, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সারী নদী দিয়ে এখনই পানির সঙ্গে পলি আসা বন্ধ হয়ে গেছে। পানির গতিপ্রবাহ থেমে যাচ্ছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত সমাবেশে জানানো হয়, একটি বাঁধ নির্মাণের পর ভারতের ‘মেঘালয় এনার্জি করপোরেশন লিমিটেড’ গত নভেম্বর থেকে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।সমাবেশে বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে মরিয়া হয়ে ওঠার পাশাপাশি সারী নদীতে বাঁধ দিয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছে।বাপার জাতীয় কমিটির সদস্য নুর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, ইমরান আহমদ মহিলা কলেজের প্রভাষক খাইরুল ইসলাম। এর আগে সৈয়দ আবুল মকসুদের নেতৃত্বে একটি দল গত রোববার সারী নদীর জৈন্তাপুর উপজেলা অংশ পরিদর্শন করে।