সিলেটের সুরমা নদী দূষণ চলছেই
সিলেটের সুরমা নদীর দূষণ চলছেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নগরের কালীঘাট এলাকায় সর্ববৃহৎ পাইকারি বাজারের অবস্থান। এখানে কয়েক হাজার দোকান রয়েছে। রাতের বেলা প্রায় প্রতিটি দোকানের ময়লা-আবর্জনা বাজারলাগোয়া সুরমা নদীতে ফেলা হয়। এতে নদীটি দূষণে বিপর্যস্ত হয়ে পড়ছে। সম্প্রতি সুরমা নদীর কালীঘাট অংশ নিয়ে কথা হয় ঝালোপাড়া এলাকার বাসিন্দা আজমল হোসেনের সঙ্গে। খেয়া পারাপার হচ্ছিলেন তিনি। ক্ষুব্ধ আজমল বলেন, ‘ব্যবসার সুবাদে প্রতিদিন আমাকে এ খেয়া পারাপার হতে হয়। তবে কালীঘাট অংশে যেভাবে প্রতিদিন আবর্জনা ফেলা হচ্ছে, এতে নদীদূষণের পাশাপাশি পরিবেশও চরম দূষিত হচ্ছে। কোনো কোনো দিন দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ে।’সরেজমিনে দেখা গেছে, নদীর কালীঘাট এলাকার কয়েকটি স্থানে ময়লা-আবর্জনার স্তূপ। এসব ময়লার মধ্যে পেঁয়াজ-রসুনের খোসা, কার্টন, পলিথিন, প্লাস্টিকের বোতল, রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাদ্যদ্রব্যসহ বিভিন্ন ধরনের বর্জ্য রয়েছে। নদীর পাড়ে ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ভাগাড় না থাকায় নদীতেই এসব ফেলা হচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই জানিয়েছেন।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ আবদুল করিম বলেন, ‘সুরমা দূষণ অব্যাহত রয়েছে। এটি রোধে পরিবেশ অধিদপ্তর এবং সিটি করপোরেশনকে উদ্যোগী হতে হবে। তা না হলে সুরমা নদী অচিরেই বুড়িগঙ্গার মতো হয়ে পড়বে। নদীতীরের মানুষেরা যদি নদীকে আপন না ভাবেন—তাহলে নদী কোনোভাবেই বেঁচে থাকতে পারে না।’সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নদীদূষণের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তা ছাড়া দূষণরোধে স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন হওয়াও প্রয়োজন।’