সিলেটের সেই কাউন্সিলরকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াছুর রহমানের বাড়ির টিলা কাটার ঘটনায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের ঢাকার সদর দপ্তরে ডেকে নিয়ে তাঁকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট) মো. আলমগীর জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবেশ অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ৫ মার্চ প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন ছাপা হলে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় তদন্ত করে সত্যতা পায়। গতকাল মঙ্গলবার ওয়ার্ড কাউন্সিলরকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ঢাকায় তলব করলে তিনি ভবিষ্যতে আর টিলা কাটবেন না বলে অঙ্গীকার করেন। তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর জরিমানা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন বলে লিখিত অঙ্গীকারও করেন।
নগরের পাঠানটুলার কুচারপাড়া এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছের বাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে একটি টিলা কাটা চলছিল। প্রায় দুই একর আয়তনের বাড়ির তিন ভাগের এক ভাগজুড়ে ছিল টিলা। ২০১৩ সালের ১১ নভেম্বর পরিবেশ অধিদপ্তর থেকে টিলাকে ঝুঁকিপূর্ণ আবেদন করে কথিত ঝুঁকি অপসারণে অর্ধেকেরও বেশি টিলা কাটা হয়। টিলা কাটা মাটি বাড়ির সামনে নিচু জমিতে ফেলা হচ্ছিল। এ নিয়ে গত ৫ মার্চ প্রথম আলোয় একটি সচিত্র সংবাদ ছাপা হয়েছিল।