সিলেট নগরের জিন্দাবাজারে ‘স্বর্ণা জুয়েলার্স’ থেকে ৫৮৬ ভরি স্বর্ণ ও স্বর্ণালংকার চুরির আলোচিত ঘটনাটি ঘটে জুতা ব্যবসার ছদ্মাবরণে। জুতা ব্যবসার আড়ালে সংঘবদ্ধ চোরচক্র ওই জুয়েলার্সের পাশের জুতার দোকানের কর্মচারী আলীকে প্ররোচিত করে চুরি করে।চুরির ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আরেক আলী হোসেন গতকাল বৃহস্পতিবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শামছুদ্দীন মাসুমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চুরির ঘটনার বর্ণনা দেন।জবানবন্দিতে আলী হোসেন বলেন, তিনি পেশায় একজন অটোরিকশাচালক। সিলেটের বিয়ানীবাজার উপজেলার কাকইর গ্রামে তাঁর বাড়ি। সিলেট নগরে অটোরিকশা চালানোর সুবাদে নারায়ণগঞ্জের বাসিন্দা হাবিবের সঙ্গে তাঁর পরিচয়। হাবিব সিলেট নগরের জুতার দোকানদারদের কাছে বিভিন্ন কোম্পানির জুতা সরবরাহকারী হিসেবে পরিচিত। আড়ালে হাবিব সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। ঘটনার দিন (১২ মে) রাত আটটায় হাবিব তাঁকে জিন্দাবাজারে নিয়ে আসেন।এ সময় হাবিবের সঙ্গে জাকির ও কবির নামের আরও দুই ব্যক্তি ছিলেন। রাত সাড়ে আটটায় স্বর্ণা জুয়েলার্সের পাশের ‘মুন সুজ’ জুতার দোকানের কর্মচারী আলী তাঁদের দোকানের চাবি দেন হাবিবের কাছে। এ সময় হাবিব সঙ্গে থাকা চট্টগ্রামের দুই ব্যক্তিকে ওই দোকানের ভেতরে ঢুকিয়ে রাখেন। রাত প্রায় ১২টায় মুন সুজ বন্ধ করে দেওয়া হলে ওই দুই ব্যক্তি ভেতরেই থাকেন। পরদিন সকাল আটটায় হাবিব স্বর্ণা জুয়েলার্সের সামনে থেকে রাতের বেলা দোকানে ঢুকিয়ে রাখা দুই ব্যক্তিকে নিয়ে কুমিল্লায় চলে যান।আলী হোসেন জবানবন্দিতে উল্লেখ করেন, যাওয়ার সময় তাঁদের হাতে দুটো কালো ব্যাগ ছিল। এ ব্যাগে কী আছে, জানতে চাইলে বলা হয়, পরে জানানো হবে। ওই দিনই স্বর্ণা জুয়েলার্সে চুরির ঘটনাটি প্রকাশ পেলে তিনি ফোন করে তাঁদের জানান। এ সময় তাঁকে চুপচাপ থাকা ও পরিস্থিতি জানানোর জন্য বলা হয়। এ জন্য কুরিয়ার সার্ভিসে তাঁর বাড়ির ঠিকানায় হাবিব ১৫ হাজার টাকা পাঠান।১৩ মে চুরির ঘটনা জানাজানি হলে স্বর্ণা জুয়েলার্সের মালিক চন্দন দেব বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই পাশের জুতার দোকানের কর্মচারী আলীকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ১৬ মে অটোরিকশাচালক আলীকে আটক করে।