সিলেটের সেই মাঠে এবার বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহি ঈদগাহ এলাকার খেলার মাঠ অবৈধভাবে দখল করে এবার বসানো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গত রোববার তোলা ছবি প্রথম আলো
সিলেটের শাহি ঈদগাহ এলাকার খেলার মাঠ অবৈধভাবে দখল করে এবার বসানো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গত রোববার তোলা ছবি প্রথম আলো

সিলেটের শাহি ঈদগাহ এলাকার খেলার মাঠ দখল করে এবার বসানো হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। খেলার মাঠের উন্নয়নের নামে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ ‘বাংলাদেশ বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটি’ নামের একটি সংগঠনকে ওই মাঠ বরাদ্দ দিয়েছেন।
আগামী ৬ ডিসেম্বর শুরু হচ্ছে মাসব্যাপী ওই মেলা। গত রোববার সকাল থেকে সংগঠনের পক্ষ থেকে খেলার মাঠে স্থাপনা তৈরির কাজ শুরু হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, খেলার মাঠের দায়িত্বে আছে উপজেলা প্রশাসন। কিন্তু মাঠ নিয়ে আদালতে মামলা চলছে। এ অবস্থায় গত ঈদুল আজহা উপলক্ষে মাঠে পশুর হাট বসানো হয়েছিল। ওই হাট পরিচালনায় জেলা কিংবা উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট ছিল না। একইভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার নামে মাঠ বরাদ্দ দেওয়ার বিষয়টিও জেলা প্রশাসন জানে না।
সরেজমিনে দেখা গেছে, মাঠের মাঝখানে বাঁশের স্তূপ রেখে চারদিকে বেষ্টনী তৈরি করছেন শ্রমিকেরা।
অভিযোগ রয়েছে, মাঠের উন্নয়ন করার নামে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ এককালীন টাকা নিয়ে ওই মেলা আয়োজনের সুযোগ করে দিয়েছেন। ইতিমধ্যে ওই সংগঠন আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রচারপত্র বিলি শুরু করেছে। প্রচারপত্রে জেলা ও পুলিশ প্রশাসনকে ‘সার্বিক সহযোগী’ উল্লেখ করা হয়েছে এবং আগামী ৬ ডিসেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
তবে আশফাক আহমদের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে মেলার আয়োজক সংগঠনের সঙ্গে কথা বলতে বলেন। তিনি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগ করলে মেলার আয়োজক বাংলাদেশ বেনারসি মসলিন অ্যান্ড জামদানি সোসাইটির সভাপতি এম এ মঈন খান প্রথম আলোর কাছে দাবি করেন, ‘যথাযথ নিয়ম’ অনুযায়ী তিনি মাঠ বরাদ্দ নিয়েছেন। যথাযথ নিয়মটা কী—জানতে চাইলে তিনি বলেন, ‘মাঠের মালিক উপজেলা পরিষদ। উপজেলা চেয়ারম্যান লিখিতভাবে ২৫ নভেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মাঠ বরাদ্দ দিয়েছেন। মেলা শেষে উপজেলা চেয়ারম্যানকে মাঠের উন্নয়নের জন্য এককালীন টাকা দেওয়ার বিষয়টি ফয়সালা হওয়ায় মেলার প্রস্তুতি শুরু করা হয়েছে।’
এদিকে খেলার মাঠে মেলার আয়োজন করলে আশপাশের এলাকার পরিবেশ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে—এমন আশঙ্কা থেকে আটটি ক্ষুদ্র ব্যবসায়ী ও সামাজিক সংগঠন জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে। স্মারকলিপিতে মেলার আয়োজক সংগঠনকে একটি ভুঁইফোড় সংগঠন অভিহিত করে এর মাধ্যমে সাধারণ ব্যবসায়ীরা প্রতারিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হাবীব জানান, মাঠ নিয়ে মামলা থাকায় আইনগতভাবে এর কর্তৃত্ব প্রশাসনের হাতে নেই। এ অবস্থায় মেলা আয়োজন করার বৈধতাও নেই। বিষয়টি জেলা প্রশাসন অবহিত হয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে পত্রের মাধ্যমে জানিয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।