সিলেটের হকারদের স্থায়ী পুনর্বাসন দাবি
আদালতের নির্দেশে সিলেটের কেন্দ্রস্থলের এলাকার ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকাররা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে তিন দিনের মধ্যে স্থায়ী পুনর্বাসনের জন্য সময় বেঁধে দিয়েছেন।
গতকাল রোববার সিলেট মহানগর সর্বস্তরের হকার্স ঐক্য পরিষদের মানববন্ধন চলাকালে সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। অন্যথায় হকাররা আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে মেয়রকে বাধ্য করার হুমকি দিয়েছেন।
নগরের কোর্ট পয়েন্টে বেলা ১১টায় মানববন্ধন চলাকালে সর্বস্তরের হকার্স ঐক্য পরিষদের আহ্বায়ক রকিব আলীর সভাপতিত্বে সমাবেশ হয়। পরিষদের যুগ্ম আহ্বায়ক ইসরাত জাহানের সঞ্চালনায় মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবীর, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেটের সভাপতি সুশান্ত সিনহা ও জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আউয়াল আহমদ বক্তব্য দেন।
সিলেট নগরের আদালত এলাকাসহ সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরের সম্মুখে ফুটপাতের অবৈধ দখল মুক্ত করতে গত ১৭ মে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ আদালতে একটি আবেদন করেন। এ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ মে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান সিটি করপোরেশনকে ফুটপাতের দখলদার ও দখলদারদের নেপথ্যের প্রভাবশালী ব্যক্তিদের নাম জানাতে নির্দেশ দেন।
আদালতের এ নির্দেশনায় ২৮ মে বিভিন্ন সর্বদলীয় বৈঠক করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক। বৈঠকে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পুলিশ, জেলা প্রশাসন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা একাত্ম হয়ে ফুটপাত দখলমুক্ত করার পক্ষে মত দেন। এরপর সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে কয়েক দফা অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়।