আধুনিক সুযোগ-সুবিধা, অবকাঠামো ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক থাকা সত্ত্বেও কেবল অবেদনবিদ না থাকায় সংকটে অস্ত্রোপচার করা যাচ্ছে না সিলেটের ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। একটি উপজেলায় অবেদনবিদ কর্মরত থাকলেও সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অস্ত্রোপচার বন্ধ রয়েছে। প্রায় তিন বছর ধরে এ অবস্থা চললেও তা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় সংশ্লিষ্ট উপজেলার রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ উপজেলায় জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) পদে, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) পদে বিশেষজ্ঞ চিকিৎসক কর্মরত রয়েছেন। এসব উপজেলায় জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেশিয়া) পদগুলো শূন্য থাকায় সেখানে কোনো ধরনের অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না।
সূত্র আরও জানায়, কানাইঘাট উপজেলায় জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ও জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেশিয়া) পদে কেউ কর্মরত নেই। ১১ উপজেলার মধ্যে কেবল গোয়াইনঘাট উপজেলায় জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেশিয়া) পদে একজন কর্মরত রয়েছেন, তবে সেখানে জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) পদে চিকিৎসক পদটি শূন্য থাকার পাশাপাশি প্রয়োজনীয় সুবিধা না থাকায় অস্ত্রোপচার হচ্ছে না।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেশিয়া) পদে কর্মরত চিকিৎসক জয়ন্ত কুমার দাস বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত পরিবেশের অভাবে গোয়াইনঘাটে অস্ত্রোপচার করা যাচ্ছে না। এতে রোগীদের ভোগান্তি হচ্ছে, এটি সত্য।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কয়েকজন চিকিৎসক জানান, বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার পাশাপাশি অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় লোকবল ও উপকরণের অভাব হাসপাতালগুলোতে রয়েছে। গোয়াইনঘাট, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাটসহ কয়েকটি উপজেলায় অস্ত্রোপচার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটও রয়েছে। এর বাইরে অবেদনবিদের পদ শূন্য থাকায় প্রায় তিন বছর ধরে কোনো ধরনের অস্ত্রোপচারই হাসপাতালগুলোতে হচ্ছে না।
ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক সংকটের পাশাপাশি অপারেশন করার জন্য লজিস্টিক সাপোর্টও নেই। এতে করে আমাদের হাসপাতালে রোগীদের অস্ত্রোপচার করা যাচ্ছে না।’
কয়েকজন রোগী জানান, স্থানীয় হাসপাতালে অস্ত্রোপচার না হওয়ায় ভুক্তভোগীদের জেলা শহর সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয়। এতে অতিরিক্ত টাকা খরচের পাশাপাশি ভোগান্তি পোহাতে হয়। কানাইঘাট উপজেলার বাসিন্দা কাওসার মিয়া বলেন, ‘সেদিন আমার বউয়ের একটা অপারেশন করাতে হয়েছে সিলেটে গিয়ে, স্থানীয় হাসপাতালে এ সুবিধা থাকলে তো আমাকে আর ভোগান্তিতে পড়তে হতো না।’
সিলেটের সিভিল সার্জন মো. আজহারুল ইসলাম বলেন, দু-একটি উপজেলা বাদে অস্ত্রোপচার করার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা হাসপাতালগুলোতে রয়েছে। কেবল অবেদনবিদ (অ্যানেসথেশিওলজিস্ট) সংকটের কারণে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। অবেদনবিদের সংকটের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।