সিলেটের ১৬ পৌরসভায় নির্বাচিতদের শপথ
সিলেট বিভাগের চার জেলার ১৬ পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ব্যক্তিরা গতকাল বুধবার শপথ নিয়েছেন। প্যারোলে মুক্তি পেয়ে হবিগঞ্জ পৌরসভার বিএনপি-সমর্থিত মেয়র জি কে গউছও শপথ নেন।
গতকাল বেলা ১১টায় সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত ব্যক্তিদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ।
শুরুতে শপথ নেন মেয়র পদে নির্বাচিতরা। তাঁরা হলেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, কানাইঘাটের নিজামউদ্দিন আল মিজান, জকিগঞ্জের খলিল উদ্দিন, সুনামগঞ্জের আয়ূব বখত জগলুল, দিরাইয়ের মোশারফ মিয়া, জগন্নাথপুরের আবদুল মনাফ, ছাতকের আবুল কালাম চৌধুরী, মৌলভীবাজারের ফজলুর রহমান, কুলাউড়ার শফি আলম ইউনুছ, কমলগঞ্জের জুয়েল আহমদ, বড়লেখার আবুল ইমাম চৌধুরী কামরান, হবিগঞ্জের জি কে গউছ, মাধবপুরের হিরেন্দ্র লাল সাহা, চুনারুঘাটের নাজিম উদ্দিন শামছু, শায়েস্তাগঞ্জের ছালেক মিয়া ও নবীগঞ্জের ছাবির আহমেদ চৌধুরী।
এর মধ্যে জি কে গউছ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দী থাকায় প্যারোলে মুক্তি লাভ করে শপথ নেন। শপথ গ্রহণের পর জিকে গউছ সাংবাদিকদের বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক কারণে আমাকে মামলায় জড়ানো হয়েছে। আর কারাবন্দী করা হয়েছে বিএনপিকে জনবিচ্ছিন্ন করার জন্য। এ অবস্থার জবাব ভোটের মাধ্যমে জনগণই দিয়েছেন।’ পৌরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমি জনগণ ও দেশের স্বার্থে সব সময় কাজ করেছি। এবারও আমি জনগণের সেবা করার জন্য নির্বাচনে অংশ নিয়েছি। পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি আজীবন তাঁদের কল্যাণে কাজ করে যেতে চাই।’
মেয়রদের শপথ গ্রহণের পর ১৬ পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরেরা শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।