সিলেটের ৩৭টি বিদ্যালয়ে খেলার মাঠ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কাজীটুলা এলাকায় মূল রাস্তার পাশেই কাজী জালালউদ্দিন বালক প্রাথমিক বিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ৮৩৩ জন ছাত্র আছে। গতকাল বুধবার বিদ্যালয়ে মধ্যাহ্নবিরতির ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে ছাত্ররা হুড়মুড় করে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসে। মাঠ নেই, অগত্যা রাস্তায় নেমে দৌড়ঝাঁপ জুড়ে দেয় শিশুরা।অনেক শিশুকে তিনতলা বিদ্যালয়ের সরু বারান্দার গ্রিল ধরে আকাশ ও রাস্তার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। কেউ কেউ শ্রেণীকক্ষে খেলায় মেতে ওঠে। এ সময় কথা হয় কয়েকজন ছাত্রের সঙ্গে। তারা জানায়, বিদ্যালয়ে খেলার কোনো মাঠ নেই। তাই প্রতিদিন মধ্যাহ্নবিরতির সময় সহপাঠীরা শ্রেণীকক্ষে বসে হই-হুল্লোড় করে। এটি নগরের ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ের রোজকার চিত্র। খেলার মাঠের অভাবে এসব বিদ্যালয়ের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী খেলাধুলার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে।শিক্ষা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশন এলাকায় ৩৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে একটি বাদে সব কটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এগুলোর কোনোটিতেই শিক্ষার্থীদের বিনোদনের জন্য খেলার মাঠ নেই। অথচ যেকোনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার আগে ওই বিদ্যালয়ের নিজস্ব ৩৩ শতাংশ জায়গা থাকার বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য বর্তমানে ৩০ শতাংশ পরিমাণ জায়গা থাকলেই বিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়।নগরের যতরপুর এলাকার বাসিন্দা সাবুল মিয়া নামের এক অভিভাবক বলেন, ‘সরকারি নিয়মানুসারে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে পরিমাণ জায়গা থাকা দরকার, সেটি থাকলেই তো একটি খেলার মাঠ রাখা যেত। কিন্তু সেই পরিমাণ জায়গা কোনো বিদ্যালয়ের না থাকলেও কীভাবে স্কুল প্রতিষ্ঠিত হলো, সেটা বড় প্রশ্ন।’শিশু-কিশোর সংগঠন খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সদস্য তাজুল ইসলাম বাঙালি বলেন, ‘একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে দৌড়ঝাঁপ ও শারীরিক কসরতের প্রয়োজন রয়েছে। অথচ বিদ্যালয়গুলোতে কোনো খেলার মাঠ না থাকায় শিশুরা সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে ভবিষ্যৎ প্রজন্ম শারীরিকভাবে ঠিকমতো বেড়ে উঠছে না। এটা খুবই চিন্তার বিষয়।’শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, নগরের মধুশহীদ এলাকার সৈয়দ হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহী ঈদগাহ এলাকার শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দরবাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপশহর এলাকার অমলশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সাতটি বিদ্যালয়ে ছোট খেলার মাঠ রয়েছে। এসব মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ এতই কম যে সেখানে ৪০ জন ছেলেমেয়ের বেশি খেলাধুলা করতে পারে না।নগরের মিরাবাজার এলাকার কিশোরীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনি চক্রবর্তী বলেন, ‘আমাদের বিদ্যালয়ে ৫২৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে কোনো খেলার মাঠ না থাকায় শিশুরা টিফিনের সময় এক শ্রেণীকক্ষ থেকে অপর শ্রেণীকক্ষে যাতায়াত করেই পুরো সময় কাটায়।’সিলেট সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া বলেন, ‘নগরের কোনো বিদ্যালয়ে খেলার মাঠ নেই। যে কটিতে আছে, সেগুলোকে ঠিক মাঠও বলা যায় না। দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনায় এগুলোকে বড়জোর উঠান বলা যেতে পারে।’ তিনি আরও বলেন, ‘বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় শিশুদের যথাযথ বিকাশ হচ্ছে না—এটা ঠিক। আবার বিদ্যালয়ের নিজস্ব কোনো জায়গাও নেই যে সেখানে নতুন করে মাঠ তৈরি করা যাবে।’