সিলেটের ৫ উপজেলা আবার প্লাবিত

সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারা এবং সীমান্ত নদী সারীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার দুপুর থেকে সুরমার কানাইঘাট, কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ ও সারী নদীর সারীঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া, সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লোভা ও ধলাই নদের পানিও বাড়ছে।
নদ-নদীর পানি বাড়ায় সিলেট সদরের একাংশসহ সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়ইনঘাট, জৈন্তাপুর আরেক দফা প্লাবিত হয়েছে। ধলাই নদ অববাহিকায় কোম্পানীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে পানি ঢুকেছে। সিলেট শহরে সুরমা তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। গোয়াইনঘাট উপজেলার সড়কের সালুটিকর অংশ আবারও প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডেইলি ওয়াটার লেভেল ডেটা সূত্রে এ তথ্য জানিয়েছেন পাউবোর সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার। তিনি প্রথম আলোকে বলেন, প্রধান দুটো নদী ও সীমান্ত নদীর পানি বাড়ায় নদী অববাহিকা এলাকা আবারও প্লাবিত হয়েছে।
সিলেট অঞ্চলের উজানে ভারতের মেঘালয় রাজ্য। সেখান থেকে পাহাড়ি ঢল নামায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের কারণে সিলেটের প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি ১৩ জুলাই থেকে বেড়ে যাওয়ায় বন্যা দেখা দেয়। ১৬ জুলাই এ দুই নদীর উজানে পানি কমায় বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছিল। তিন দিন পর রোববার বিকেলের দিকে সারী নদীর পানি হঠাৎ বাড়ে। নদীটি জৈন্তাপুরের লালাখাল হয়ে গোয়াইনঘাটের গোয়াইন ও সিলেট সদরের চেঙ্গেরখাল হয়ে সুরমা নদী ও বিভিন্ন হাওর এবং বিলের সঙ্গে মিশেছে। অপরদিকে কানাইঘাটের লোভাছড়া সীমান্ত দিয়ে প্রবহমান লোভা নদী মিশেছে সুরমা নদীর সঙ্গে। সেখানে পানি পরিমাপের জন্য সুরমা নদীর একটি পয়েন্ট রয়েছে।
পাউবো জানায়, সারী নদীর জৈন্তাপুর এলাকার সারীঘাট পয়েন্টে পানির বিপৎসীমা ১২ দশমিক ৩৫ মিটার। সোমবার সন্ধ্যায় সেখানে পানি ১১ দশমিক ৫০ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। আর আজ দুপুরে ১২ দশমিক ৭৩ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। সারীর পাশাপাশি পানি বাড়ছে সিলেটের অপর সীমান্ত নদী লোভার। ওই নদীর পানি সোমবার বিকেলে ১৪ দশমিক ১১ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। মঙ্গলবার দুপুর ১২টায় সেখানে ১৫ দশমিক ২৭ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
পাউবোর পানি পর্যবেক্ষকেরা বলেছেন, লোভা নদীর পানি বাড়ায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বেড়েছে। দুপুর থেকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার দুপুরে ১২ দশমিক ৭৮ মিটার থেকে বেড়ে আজ দুপুরে ১৩ দশমিক ৫২ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট পয়েন্টে সুরমার বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার। সিলেট শহর পয়েন্টে পানি কমলেও আজ দুপুর থেকে বাড়ছে। সেখানে ১০ দশমিক ৩১ মিটার থেকে বেড়ে মঙ্গলবার দুপুরে ১০ দশমিক ৬৭ মিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
কুশিয়ারা নদীর চারটি পয়েন্টের মধ্যে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে পানি ৯ দশমিক ৯১ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ মিটার। পানি বাড়ছে কুশিয়ারার উৎসমুখ ভারত সীমান্তের অমলসিদ পয়েন্টে। সেখানে পানি ১৫ দশমিক ০৫ থেকে বেড়ে আজ দুপুরে ১৫ দশমিক ২০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।