সিলেটের ‘নিখোঁজ’ ব্যবসায়ীর লাশ উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ‘নিখোঁজ’ ব্যবসায়ী স্বপন উদ্দিনের (৩৫) লাশ তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের কচুবন থেকে গতকাল বুধবার তাঁর লাশ উদ্ধার করা হয়। ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বাগিরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে স্টেশনারি সামগ্রীর দোকান ছিল স্বপনের। রাতে তিনি দোকানে থাকতেন। গত রোববার রাতে বাড়িতে খাবার খেয়ে তিনি দোকানে যান। পরদিন সকালে তাঁর দোকানের দরজা খোলা পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাঁকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। দোকানের ভেতর তছনছ করা ছিল।এ ঘটনায় সোমবার স্বপনের ছোট ভাই করিম উদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিন দিন পর গতকাল দুপুরে কচুবনে তাঁর লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রোগনির্ণয় কেন্দ্রের কর্মচারী খুন: রোগী আনা-নেওয়া নিয়ে ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন রোগনির্ণয় কেন্দ্রের কর্মচারী আল ইসলাম (২৯)। গত মঙ্গলবার সিলেটের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে রমজান আলী (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ।