সিলেবাস বদলে ক্ষুব্ধ সিএ শেষ বর্ষের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে সিলেবাস বদলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) শেষ পর্বের ১১৫ জন শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, তাঁদের সনদ না দিতেই কর্তৃপক্ষ সিলেবাস বদলাচ্ছে। শিক্ষার্থীদের দাবি, তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা অভিযোগও করেছে কর্তৃপক্ষ। তবে সিএ কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই সব করছে তারা।

আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ১০ থেকে ২০ বছর ধরে সিএ পড়ছেন তাঁরা। এরই মধ্যে ১২০০ নম্বরের মধ্যে ১০০০ নম্বরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। এখন ৭০ জন শিক্ষার্থীর শুধু একটি বিষয়, ৩৮ জনের দুটি বিষয় এবং সাতজনের দুইয়ের অধিক বিষয় বাকি আছে। অর্থাত্ জুন মাসে ৫০ থেকে ১০০ নম্বরের পরীক্ষা দিলেই তাঁদের সনদ পাওয়ার কথা। কিন্তু হঠাত্ করে ২২ এপ্রিল আইসিএবি কর্তৃপক্ষ জানায়, সিলেবাস বদল হয়েছে। এখন তাঁদের ১৮০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। এর ফলে শিক্ষার্থীদের নতুন করে আরও ৫০০ থেকে ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্ররা যেন সিএ সনদ না পান, সে কারণে সব সময়ই আইসিএবি কর্তৃপক্ষ নানা ষড়যন্ত্র করে থাকে। এবারও সেটিই হলো।

শিক্ষার্থীরা বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার কথা বলতে গেলে কর্তৃপক্ষ জানায়, বুধবার বিকেল চারটায় এ নিয়ে আলোচনা হবে। কিন্তু বুধবার এসে শিক্ষার্থীরা দেখেন, কর্তৃপক্ষের কেউ নেই। এর মধ্যে শিক্ষার্থীরা জানতে পারেন, তেজগাঁও থানায় তাঁদের বিরুদ্ধে আইসিএবির ভারপ্রাপ্ত সচিব একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে বলা হয়েছে, কতিপয় উচ্ছৃঙ্খল শিক্ষার্থী বুধবার ইনস্টিটিউটে ঢুকে ভাঙচুর করবে।

সংবাদ সম্মেলনে সৈয়দ আসিফ ইকবাল, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, ওমর ফারুক, তনু চক্রবর্তী, হালিমা খাতুন, নাজমুন নাহারসহ ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইসিএবির সভাপতি শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাড়ে তিন বছর আগেই সিলেবাস বদল হয়েছে। এরপর শিক্ষার্থীদের অন্তত ছয়বার সুযোগ দেওয়া হয়েছে। এই ব্যাচকে বারবার সুযোগ দেওয়ায় দ্বিতীয় পর্বের শিক্ষার্থীরা হাইকোর্টে মামলা করেছেন। আবার আমাদের সঙ্গে ইংল্যান্ডের আইসিএইডব্লিউর চুক্তি রয়েছে। তারা কাউকে তিনবারের বেশি সুযোগ দেয় না। আমাদেরও সেটি মানতে হয়। এসব কারণে আইসিএবি কাউন্সিল আর তাঁদের নতুন করে সুযোগ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে তাঁরা নতুন সিলেবাসের আওতায় পরীক্ষা দিতে পারবেন।’