সিলেবাস বদলের সিদ্ধান্তে ক্ষুব্ধ ১১৫ সিএ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেষ মুহূর্তে’ সিলেবাস বদলের অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) শেষ পর্বের ১১৫ জন শিক্ষার্থী। তাঁরা অভিযোগ করেন, সনদ না দেওয়ার জন্যই কর্তৃপক্ষ সিলেবাস বদলাচ্ছে। তবে সিএ কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই সবকিছু করা হচ্ছে।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা ওই অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানান, ইতিমধ্যে তাঁরা এক হাজার ২০০ নম্বরের মধ্যে এক হাজার নম্বরের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। এখন ৭০ জন শিক্ষার্থীর কেবল একটি বিষয়, ৩৮ জনের দুটি বিষয় এবং সাতজনের দুইয়ের বেশি বিষয় বাকি আছে। অর্থাৎ, জুনে ৫০ থেকে ১০০ নম্বরের পরীক্ষা দিলেই তাঁদের সনদ পাওয়ার কথা। কিন্তু হঠাৎ করে ২২ এপ্রিল আইসিএবি কর্তৃপক্ষ জানায়, সিলেবাস বদল হয়েছে। এখন তাঁদের এক হাজার ৮০০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন ছাত্ররা যেন সিএ সনদ না পান, সে কারণে সব সময়ই আইসিএবি কর্তৃপক্ষ ‘নানা ষড়যন্ত্র’ করে থাকে। বিষয়টি নিয়ে মঙ্গলবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তারা বুধবার বিকেল চারটায় কথা বলার সিদ্ধান্ত জানায়। কিন্তু শিক্ষার্থীরা বুধবার এসে দেখেন কর্তৃপক্ষের কেউ নেই।
আইসিএবির সভাপতি শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাড়ে তিন বছর আগেই সিলেবাস বদল হয়েছে। এরপর তাঁদের অন্তত ছয়বার সুযোগ দেওয়া হয়েছে। এই ব্যাচকে বারবার সুযোগ দেওয়ায় এখন যাঁরা দ্বিতীয় পর্বের শিক্ষার্থী, তাঁরা আবার হাইকোর্টে মামলা করেছেন। আবার আমাদের সঙ্গে ইংল্যান্ডের আইসিএইডব্লিউর চুক্তি রয়েছে। তারা কাউকে তিনবারের বেশি সুযোগ দেয় না। এসব কারণে আইসিএবি কাউন্সিল আর তাঁদের নতুন করে সুযোগ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে তাঁরা নতুন সিলেবাসের আওতায় পরীক্ষা দিতে পারবেন।’