সিলেবাস বদলের সিদ্ধান্তে সিএ শিক্ষার্থীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেবাস বদলের অভিযোগ করে বিক্ষোভ করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) শেষ পর্বের ১১৫ জন শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, সনদ না দেওয়ার জন্যই ‘শেষ মুহূর্তে’ কর্তৃপক্ষ সিলেবাস বদলিয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের নিচে অবস্থান ধর্মঘট ও সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা এসব অভিযোগ করেন।
আন্দোলনরত একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, এক হাজার ২০০ নম্বরের মধ্যে ৫০ বা ১০০ নম্বর পাস করলেই সনদধারী হিসাববিদ হওয়ার যোগ্যতা অর্জন করবেন। অথচ আইসিএবি কর্তৃপক্ষ ২০১০ সালের মার্চে ইস্যু করা অমীমাংসিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১২ সালে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের চাপ দেয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তিনবার সময় বাড়ানো হয়। এখন হিসাববিদ হতে অবশিষ্ট ৫০ নম্বরের জন্য ৪০০ ও ১০০ নম্বরের জন্য ৬০০ নম্বরের পরীক্ষা দিতে হবে, যা অবাস্তব এবং অযৌক্তিক।
এদিকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিএবি কর্তৃপক্ষ জানিয়েছে, আইসিএইডব্লিউয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী শিক্ষার্থীদের তিনবারের বেশি সুযোগ দেওয়া সম্ভব নয়। তারা আরও জানিয়েছে, পুরোনো সিলেবাসে আর কোনো পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তবে শেষ পর্বের ১১৫ জন শিক্ষার্থী নতুন সিলেবাসের আওতায় পরীক্ষা দিতে পারবেন।