সিলেবাস শেষ না হওয়ায় পরীক্ষা পেছানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন l ছবি: প্রথম আলো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন l ছবি: প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল রোববার দেশের বিভিন্ন কলেজে মানববন্ধন করেছেন ওই বর্ষের শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, সিলেবাস শেষ না করেই পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে। ফলে তাঁরা পরীক্ষার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেননি। তাঁরা পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানিয়েছেন।
ঘোষিত সময় অনুযায়ী ২০ জানুয়ারি থেকে বিভিন্ন বিষয়ের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরুর কথা। এ জন্য পরীক্ষার ফরম পূরণও শেষ হয়েছে।
বিভিন্ন জেলা থেকে প্রথম আলোর প্রতিনিধিরা পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করার খবর পাঠিয়েছেন।
জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহে পরীক্ষা হবে সেটা আরও প্রায় দেড় বছর আগে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণার সময়ই বলা হয়েছিল। আর নির্ধারিত সময় শেষ করেই পরীক্ষার সময় ঘোষণা দেওয়া হয়েছে। এখন কোনো কলেজ যদি সিলেবাস শেষ না করতে পারে, তাহলে সেটা তাদের বিষয়। এ ছাড়া পরীক্ষার সময় আগেই ঘোষণা করার দাবি ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও এসেছিল। তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ তাঁদের জানায়নি। তবে দু-একটি ই-মেইল বার্তা পেয়েছেন বলে তিনি জানান।
নরসিংদী প্রতিনিধি জানান, ‘পরীক্ষা নয়, শিক্ষা চাই’ স্লোগানে বেলা সাড়ে ১১টায় শহরের উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে নরসিংদী সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় তাঁরা বলেন, সিলেবাস শেষ না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক। কলেজশিক্ষকদের আন্দোলন, পূজা ও ঈদের ছুটির কারণে সব মিলিয়ে দুই থেকে তিন মাস ক্লাস করার সুযোগ পেয়েছেন তাঁরা। দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা হয়েছে গত বছরের এপ্রিল-মে মাসে। এখন এক বছর পূর্ণ হওয়ার আগেই তড়িঘড়ি করে যদি তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়, তাহলে অনেক শিক্ষার্থীই অকৃতকার্য হবেন।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১১টায় ‘দাবি বাস্তবায়ন কমিটি’র নামে হরগঙ্গা কলেজ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাব-সংলগ্ন জুবলি রোডে এসে মানববন্ধন করে। এতে কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। কমিটির আহ্বায়ক সোহেল ভূঁইয়া বলেন, তাঁরাও চান জাতীয় বিশ্ববিদ্যালয় সেশনজটমুক্ত হোক। কিন্তু প্রস্তুতি গ্রহণের আগেই পরীক্ষা হলে ফল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ সাহেদুল কবির বলেন, এক বছরের প্রস্তুতির পরীক্ষা যদি সাত মাসের মধ্যে হয়, তখন তো ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তেই হয়। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত।
প্রথম আলোর জামালপুর প্রতিনিধি, নোয়াখালী, ফরিদপুর ও কুড়িগ্রাম অফিস জানিয়েছে, এসব জেলার বিভিন্ন কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরাও পরীক্ষা পেছানোর দাবিতে গতকাল মানববন্ধন করেন।