সিলোকোসিসে আক্রান্ত আরেক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার মজিবর রহমান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়। মজিবর উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা বামনদল গ্রামের বাসিন্দা।
এ নিয়ে গত দুই দিনে সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে একই গ্রামের দুজনের মৃত্যু হলো।
মজিবরের স্ত্রী আঞ্জু আরা বেগম বলেন, ‘হামরা গরিব মানষি পেটের দায়ে পাঁচ বছর আগোত বুড়িমারীর একটা পাথর ভাঙা মিশিনোত কাজ করিছিল। সেলা থাকি জ্বর-সর্দি-কাশ হইছিল। তার কাজ বাদ দিলেও অসুখ হামার পিছ ছাড়ে নাই। তাও কোনোমতে। ওই রোগোত মরিল (মৃত্যু) এলা মোর পাঁচটা ছোয়া পোয়া নিয়া কি করিম বুঝিবার পাওছো না।’
জানা যায়, মজিবর রংপুরে কিছুদিন চিকিৎসা নেন। পরে ঢাকার লেবার স্টাডিজ অব বাংলাদেশ (বিলস) নামের একটি বেসরকারি সংস্থার সাহায্যে কিছুদিন তাঁর চিকিৎসা চলে।
একই গ্রামে মজিবরের সহকর্মী ও শ্রমিক সরদার মতিউল ইসলাম জানান, তাঁর অধীনে মজিবরসহ ১৬ জন শ্রমিক বুড়িমারী স্থলবন্দরে পাথর ভাঙার কারখানায় কাজ করছিলেন। চার-পাঁচ বছর কাজ করার পর মজিবর সিলোকোসিস রোগে আক্রান্ত হন। তিনি নিজেও এ রোগে ভুগছেন। তিন বছর আগে তাঁর দলের ফতে আলী, এর চার মাস পর নুর আমিন, সাত মাস পর নুর আমিনের বাবা তবি, গত মঙ্গলবার নুরুজ্জামান ও গতকাল মজিবর মারা যান। তাঁর দলের আরও ১০ জন এ রোগে ভুগছেন।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন মোস্তফা কামাল জানান, গত মঙ্গলবার নুরুজ্জামানের ও গতকাল মজিবরের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। সিলোকিসিস রোগ কি না, তা বলতে পারব না। তবে এ রোগটি দীর্ঘদিন ভোগায়। মুখবন্ধনী না পরে পাথর ভাঙার কাজ করলে ধুলা-বালুর কণা ফুসফুসে গেলে এ রোগটি হয়।
২০১২ সালের আগস্ট মাসে বিলসের এক সেমিনারে বলা হয়, বিশ্বে এ রোগটি অনেক পুরোনো হলেও এ দেশে তা নতুন। এর আগে ২০০৩ সালে ঢাকায় এ রোগের সন্ধান মেলে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার তেমন কোনো যন্ত্রপাতি না থাকায় সঠিকভাবে এ রোগ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে ২০১২ সালে কয়েক মাস ধরে বুড়িমারী স্থলবন্দরে পাথর গুঁড়া করার কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর জরিপ চালিয়ে শতাধিক সিলোকোসিস রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। ওই সেমিনারে আরও বলা হয়, এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে ১৭ জনের মৃত্যু হয়েছে।