সিলোকোসিসে আক্রান্ত আরও এক পাথরশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হামিদুল ইসলাম (৩৫) নামের ওই পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে। হামিদুল উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা বামনদল গ্রামের বাসিন্দা ছিলেন।
একই গ্রামের বাসিন্দা ও বুড়িমারী স্থলবন্দর এলাকার পাথর ভাঙার শ্রমিক মমিনুর রহমান বলেন, হামিদুল দীর্ঘদিন ধরে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি বৃহস্পতিবার রাতে বাড়িতে মারা যান।
হামিদুলের স্ত্রী বলেন, ‘হামরা গরিব মানষি পেটের দায়ে পাঁচ বছর আগোত বুড়িমারীর একটা পাথর ভাঙা মিশিনোত কাজ করিছিনু। সেলা থাকি জ্বর সর্দি কাশ হইছিল। তার কাজ বাদ দিলেও অসুখ হামার পিছ ছাড়ে নাই। তা-ও কোনোমতে রংপুরে কিছুদিন চিকিৎসা করার পর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে কিছুদিন চিকিৎসা করা হয়। ওই রোগোত মোর ওমরা মরিল (মৃত্যু)। এলা ওমার তিনটা ছোয়াপোয়া নিয়া কী করি তা তো বুঝিবার পাওছো না।’
শ্রমিক সর্দার মতিউল ইসলাম বলেন, তাঁর অধীনে বুড়িমারী স্থলবন্দর এলাকায় পাথর গুঁড়া করার কারখানায় চার-পাঁচ বছর ধরে কাজ করার পর ১৬ জন শ্রমিক সিলোকোসিস রোগে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে তিন বছর আগে পাথরশ্রমিক ফতে আলী মারা যান। গত বছরের এপ্রিল মাসে নুরুজ্জামান, এরপর নুর আমিন, নুর আমিনের বাবা তবির রহমান, তারপর মজিবর, আবদুল মালেক, আবদুর রশিদ, নুর ইসলাম, ওসমান গণি ও সর্বশেষ হামিদুল মারা গেল। বর্তমানে তাঁর দলের আরও পাঁচ শ্রমিক এই রোগে ভুগছেন। তিনি নিজেও এই রোগে ভুগছেন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, সিলোকোসিস রোগে আক্রান্ত শ্রমিকদের মৃত্যু দুঃখজনক এবং এটা অকালমৃত্যু। বুড়িমারী স্থলবন্দর এলাকায় পাথর গুঁড়া করার কাজে নিয়োজিত শ্রমিকদের জন্য কর্মপরিবেশ তৈরিতে শ্রম মন্ত্রণালয় কাজ করছে। সিলোকোসিস রোগে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসাসেবায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চলতি সপ্তাহে পাথর গুঁড়া করার যন্ত্র উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।