সিলোকোসিসে আক্রান্ত হয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সিলোকোসিস রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার নুরুজ্জামান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত পাঁচ মাসে এ রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো।
নুরুজ্জামানের সহকর্মী মোমিন আলী ও পরিবারের লোকজন জানান, দুই বছর আগে নুরুজ্জামান সিলোকোসিসে আক্রান্ত হয়ে ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নেন। কয়েক দিন আগে আবারও অসুস্থ হয়ে পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন। ১৫ দিন চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। গতকাল বেলা ১১টায় বাড়িতে তিনি মারা যান।
বুড়িমারীর শ্রীরামপুর উপস্বাস্থ্যকেন্দ্রের সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আইয়ুব আলী সরকার বলেন, সাধারণত পাথর গুঁড়া করার সময় ধুলা নাক-মুখ দিয়ে ফুসফুসে জমা হয়। দীর্ঘ দিন ধরে ধুলা ঢুকে ফুসফুস সিলোকোসিসে আক্রান্ত হয়। স্থলবন্দরের শ্রমিকেরা জানান, নুরুজ্জামান বুড়িমারীতে একটি কারখানায় পাথর গুঁড়া করার কাজ করতেন। প্রায় তিন বছর ধরে তিনি এ কাজ করে আসছিলেন।
২০১২ সালের আগস্ট মাসে বুড়িমারী স্থলবন্দরে এক শ্রমিকের শরীরে ‘সিলোকোসিস’ রোগটি ধরা পড়ে। ওই বছর বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) নামের একটি বেসরকারি সংস্থা ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের গবেষকেরা এই রোগের ভয়াবহতা নিয়ে এক সেমিনারে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
গবেষকেরা জানান, গত কয়েক মাস ধরে বুড়িমারী স্থলবন্দরে পাথর গুঁড়া করার কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর জরিপ চালিয়ে শতাধিক সিলোকোসিস রোগী পাওয়া গেছে। গত দুই বছরে নুরুজ্জামানসহ ২১ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিলোকোসিসে আক্রান্ত হয়ে গত ২৯ সেপ্টেম্বর পাটগ্রামের হরিসভা গ্রামের দুলাল মিয়া ও ৩০ জুন বুড়িমারীর উফারমারা বামনপাড়া গ্রামের ইসমাইল হোসেন মারা যান।