সিল্ক শাড়িতে নতুন কাজের কদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে রাজশাহীতে সিল্ক শাড়িতে নতুন কাজ ক্রেতাদের টানছে। গ্রীষ্ম ও বর্ষা সিল্কের মৌসুম না হলেও ঈদুল ফিতর উপলক্ষে ও নতুনত্বের কারণে বিক্রয়কেন্দ্রগুলোতে প্রায় সময় ক্রেতাদের ভিড় থাকছে।
রাজশাহীতে সিল্কের সবচেয়ে বড় বিক্রয়কেন্দ্র সপুরা সিল্কের। নগরের সাহেববাজার ও বিসিক শিল্পনগর এলাকার কারখানায় তাদের বড় বিক্রয়কেন্দ্র রয়েছে। ঈদ উপলক্ষে এই বিক্রয়কেন্দ্র রাত ১১টা পর্যন্ত খোলা থাকছে। সপুরা সিল্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সদর আলী বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এখন আর আগের মতো স্থানীয়ভাবে রেশম গুটি তৈরি হচ্ছে না। বাইরের সুতা প্রতি কেজি চার হাজার টাকায় কিনতে হচ্ছে। এই প্রতিকূলতার মধ্যেই তাঁরা শাড়িতে নতুনত্ব এনেছেন। এ জন্য তাঁদের বিক্রয়কেন্দ্রে ক্রেতার ভিড় বেশি।
সপুরা সিল্কের ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, তাঁদের নতুনের মধ্যে রয়েছে র-সিল্কের ওপরে মেশিনে ও হাতের নকশার কাজ করা শাড়ি। এই শাড়িগুলো সাত হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আবার মসলিনের ওপরে শিপনের কাজ করা শাড়িও বেশ আকর্ষণীয় হয়েছে। এগুলো সাত হাজার থেকে ১০ হাজার ৮০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে র-সিল্কের ওপরে জামদানির নকশা করা শাড়িও এবার বেশ জনপ্রিয়তা পেয়েছে। র-সিল্কের ওপরে জ্যাকেট মেশিনের কাজ করা শাড়ি সাত হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এই শাড়ি তিন হাজার ৮০০ টাকা থেকে পাঁচ হাজার ২০০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। আবার র-সিল্কের ওপরে এনডি সিল্কের কাজ করা শাড়িও নতুন। এগুলো ছয় হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
সপুরা সিল্কের কারখানার বিক্রয়কেন্দ্রে শাড়ি কিনতে এসেছেন যুক্তরাষ্ট্র-প্রবাসী নাসরিন সুলতানা। তিনি নিজের জন্য সিল্ক-জামদানি কিনেছেন। পরে বন্ধুর জন্য বলাকা কাঁথা সিল্ক দেখছেন। নগরের সাহেববাজার এলাকায় মহুয়া সিল্কের বিক্রয়কেন্দ্রে কথা হয় বিক্রয়কর্মী মোহাম্মদ রনির সঙ্গে। তিনি বলেন, তাঁদের তসর সিল্ক কচি কাতান, সিল্ক নেট জামদানি, সিল্ক কাতান, শেরওয়ানি পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি ভালো বিক্রি হচ্ছে। শাড়িগুলো দুই হাজার ৭০০ টাকা থেকে সাত হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সুপার সিল্কের বিক্রয়কেন্দ্রে গিয়ে স্বত্বাধিকারী মমিনুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি বলেন, তাঁদের বিক্রয়কেন্দ্রে এবার টিসু সিল্ক বেশি বিক্রি হচ্ছে। নতুনের মধ্যে সফট সিল্ক, সিল্ক কাতানের বিক্রিও ভালো। তাঁদের সিল্কের থ্রিপিস বেশ জনপ্রিয়। কারখানা এলাকায় আমেনা সিল্কের বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আবু হাসান জানান, এবার আমেনা সিল্ক বিক্রয়কেন্দ্রে কয়েকটি নতুন নকশার শাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে জামদানি কাতান, সুবর্ণ কাতান, এনডি, মটকা, সফট সিল্ক কাতান, স্কিন প্রিন্ট, বল্ক প্রিন্টসহ নানা ধরনের শাড়ি। এগুলোর মধ্যে এনডি ও মটকা বেশি বিক্রি হচ্ছে। প্রতিটি শাড়ি এখানে বিক্রি হচ্ছে ৯৫০ টাকা থেকে ১৫ হাজার ৫০০ টাকায়।
ঊষা সিল্কের বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক মতিউর রহমান জানান, দিনের বেলায় সাধারণত রাজশাহী জেলার বাইরের ক্রেতাদেরই বেশি ভিড় থাকছে।