সিল্কের কদর কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে কদর কমেনি রাজশাহী সিল্কের। রাজশাহী নগরে সপুরা সিল্কের বিক্রয়কেন্দ্রে মসলিন সিল্ক দেখছেন কয়েকজন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
ঈদে কদর কমেনি রাজশাহী সিল্কের। রাজশাহী নগরে সপুরা সিল্কের বিক্রয়কেন্দ্রে মসলিন সিল্ক দেখছেন কয়েকজন। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

বেলা একটা। রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিমিটেডের বিক্রয়কেন্দ্রে উপচে পড়া ভিড়।

নগরের বিলশিমলা এলাকার বাসিন্দা আসলাম আলী গতকাল বৃহস্পতিবার এখান থেকে মেয়ের জন্য থ্রিপিস কেনেন। তিনি বলেন, সিল্কের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। এর আলাদা একটা ঐতিহ্য রয়েছে।

রাজশাহীতে এবারও ঈদ কেনাকাটায় পছন্দের শীর্ষে আছে সিল্কের পোশাক। শাড়ির সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে সিল্কের থ্রিপিস ও পাঞ্জাবি। রোজার শেষ সময়ে রাজশাহীতে সিল্কের বিক্রয়কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। রাজশাহীর বাইরে থেকেও ক্রেতারা আসছেন।

গতকাল বৃহস্পতিবার নগরের বিসিক এলাকার সপুরা সিল্ক মিলস লিমিটেডের বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। পাবনা থেকে মসলিন সিল্কের শাড়ি কিনতে এসেছেন জেসমিন স্মৃতি। সঙ্গে স্বামী ও মেয়ে। তিনি নিজের জন্য শাড়ি নিয়েছেন, মেয়ের জন্য থ্রিপিস ও স্বামীর জন্য পাঞ্জাবি। জেসমিন বলেন, ঈদ ছাড়াও বিভিন্ন উৎসবের বাজার করতে তিনি পাবনা থেকে রাজশাহীতে আসেন। সপুরা সিল্কেই কেনাকাটা করেন।

মসলিন সিল্কের শাড়ি কিনলেন রাজশাহীর স্কুলশিক্ষক দুলারী খাতুন। তিনি বলেন, এই শাড়ি যেমন হালকা, তেমনি এর কাজগুলো ব্যতিক্রমী। হাতে কাজ করা বলে একটি শাড়ির কাজের সঙ্গে আরেকটি শাড়ির কাজের মিল নেই। প্রতিটি শাড়ির একটা নিজস্বতা আছে।

 সপুরা সিল্ক মিলসের ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, প্রায় সাত বছর আগে তাঁরা মসলিন সিল্কের আদলে সিল্কের থান ও শাড়ি তৈরি শুরু করেন। একটি মসলিন থানের ওজন ১০০ থেকে ১৩০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। থান কাপড়ের ওপরে স্থানীয় বুটিক হাউসগুলো কাজ করার জন্য প্রস্তাব দেয়। আস্তে আস্তে রাজশাহী থেকে ঢাকার অনেক বুটিক হাউসও এ কাজ শুরু করে। মসলিন সিল্কের প্রতিটি শাড়ি ৬ হাজার ৫০০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবারের ঈদে এর চাহিদা বেশি।

সাইদুর রহমান আরও বলেন, অ্যান্ডি সিল্ক, বলাকা সিল্ক ও ধুতিয়ান সিল্কের তিন ধরনের পাঞ্জাবি তৈরি হয়। এসব পাঞ্জাবি ২ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে মসলিন, অ্যান্ডি, বলাকা ও ধুতিয়ান সিল্কের থ্রিপিস তৈরি হয়। এগুলো ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

রাজশাহী নগরের সোনাদীঘির মোড় এলাকায় দোয়েল সিল্কের বিক্রয়কর্মী হাসানুর হাবিব বলেন, তাঁদের সফট সিল্ক ও মসলিন সিল্কের শাড়ি বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে সুপার সিল্কের মালিক মোমিনুল ইসলাম বলেন, তাঁদের কাতান ও সফট সিল্কের শাড়ি এবং পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে।