রাজধানীর বিভিন্ন সিসা বারে (কৃত্রিম হুক্কা) মাদকের ব্যবহার হলে তা অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ বোর্ডের ১৪তম সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।
সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের আলোচনায় অনেকে বলেছেন, বাজারে যেসব ‘এনার্জি ড্রিংকস’ আছে, তাতে অতিমাত্রায় ক্ষতিকর রাসায়নিক আছে। এ জন্য সিদ্ধান্ত হয়েছে, মাদকদ্রব্যের পরীক্ষাগার ছাড়াও আরও দুটি পরীক্ষাগারে এসব পণ্য পরীক্ষা করা হবে। এতে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি থাকলেই সব বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, ‘সিসা এখন ফ্যাশন হয়ে গেছে। সিসা পানের প্রবণতা আমাদের যুব সমাজের মধ্যে এসে গেছে। যুব সমাজের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে গেছে। অভিযোগ আছে, সিসা বারগুলোতে গাঁজা, ইয়াবা ও হেরোইন ব্যবহার করা হয়। এগুলো নিরুৎসাহিত করা হবে। বারে যাঁরা মাদকমিশ্রিত ধূমপান করবেন, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।’
উল্লেখ্য, আরব দেশে জনপ্রিয় এই সিসা আদতে একধরনের হুক্কা। একটি পানির পাইপ থাকে, যা আমাদের হুক্কার নলের মতো। ফলের সুগন্ধযুক্ত তামাককে কয়লা দিয়ে পোড়ানো হয়। ফলে এক প্রকার ধোঁয়া বের হয়। এই ধোঁয়া নলের মাধ্যমে নাক-মুখ দিয়ে গ্রহণ করা হয়।
মাদক নিয়ন্ত্রণ বোর্ডের সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের সঙ্গে কথা হয়েছে, তারা যেন সীমান্তের কাছে ফেনসিডিল উৎপাদন না করে। এক বছরে ফেনসিডিলের ব্যবহার অর্ধেকে নেমে এসেছে। মাদক নিয়ন্ত্রণে স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ ও বাজারে মাদক নিরুৎসাহিত করতে এক মাস প্রচারণা চালানো হবে বলে তিনি জানান।
পথশিশুদের মাদকমুক্ত করে সুস্থ জীবনে ফিরিয়ে আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বোর্ড সভায় টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, দেশের পথশিশুরা মাদকাসক্ত হয়ে পড়ছে। তারা ঘুমিয়ে পড়লে তাদের অজ্ঞান করে রক্ত নেওয়া হয়। বিষয়টি জানা ছিল না। তাই সিদ্ধান্ত হয়েছে, মাদকাসক্ত পথশিশুদের চিকিৎসা করে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা হবে। পথশিশুরা যেন কোনো ধরনের বিপদে না পড়ে, সেদিকে নজর রাখা হবে। এ কাজে সমাজকল্যাণ মন্ত্রণালয়, এনজিওসহ সংশ্লিষ্টদের সহায়তা চাওয়া হবে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনসহ সাতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাংবাদিক প্রতিনিধি মনজুরুল আহসান বুলবুল, চিকিৎসক প্রতিনিধি প্রাণ গোপালসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।