সিসাচুল্লির ধোঁয়ায় বিষাক্ত যমুনাতীরের বাতাস
যমুনার চরে গড়ে তোলা ৫০টি চুল্লিতে পরিবেশের জন্য ক্ষতিকর ব্যবহূত ব্যাটারির অংশ পুড়িয়ে সিসা বানানো হচ্ছে। চরগুলোর অবস্থান বেড়া উপজেলায়। চুল্লিগুলোর বিষাক্ত ধোঁয়া ও উৎকট গন্ধে লোকজন অতিষ্ঠ। অভিযোগ উঠেছে, চুল্লির আশপাশের জমিতে ফসল হচ্ছে না। ঘাস খেয়ে মরছে গবাদিপশু।চুল্লির মালিকেরা স্থানীয় প্রভাবশালী এবং আওয়ামী লীগ ও বিএনপির নেতা হওয়ায় সাধারণ মানুষ সরাসরি এসবের প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। তবে এ প্রক্রিয়ায় সিসা তৈরির ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে সম্প্রতি এলাকাবাসী বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে বলা হয়েছে, সিসাচুল্লি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় ফসলের জমি ও ঘাসের ওপর একধরনের সাদা আবরণ পড়ে। সেই ঘাস খেয়ে গত এক বছরে এলাকার অর্ধশতাধিক গবাদিপশু মারা গেছে। এ ছাড়া চুল্লির পাশের জমিগুলোতে ফসল হচ্ছে না। গ্রামগুলোর গাছও ফলশূন্য হয়ে পড়েছে।পাবনার সিভিল সার্জন গাজিউল আলম বলেন, ‘সিসা ও এর ধোঁয়া বিষাক্ত। মানবদেহে সিসা ঢুকলে যকৃৎ ও কিডনির ক্ষতি হতে পারে। সিসার ধোঁয়া নাক দিয়ে ঢুকলে শ্বাসযন্ত্রে প্রদাহ ও হাঁপানি হতে পারে।’ চুল্লিগুলো নতুন ভারেঙ্গা ইউনিয়নের মরিচাপাড়া, চরবক্তারপুর ও আগবাগশোয়া গ্রামে রয়েছে। একই ইউনিয়নের রাকশা গ্রামে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পুরোনো ব্যাটারি (যানবাহন ও ভারী কাজে ব্যবহূত) আসে। সেই ব্যাটারির উপকরণ পুড়িয়ে বানানো হয় সিসা। এ কাজে এলাকার পাঁচ শতাধিক মানুষ জড়িত। তাঁরা খালি হাতে ব্যাটারি ভেঙে বিষাক্ত উপাদান বের করেন এবং সেগুলো চুল্লিতে পোড়ান। এভাবে তৈরি হওয়া সিসা আবার ব্যাটারি ও টিন তৈরির কারখানায় বিক্রি করা হয়। দু-তিন দিন পর পর দু-একটি করে ট্রাক এসে সিসা ভর্তি করে নিয়ে যায়।সরেজমিন ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বছর চারেক আগে চুল্লিগুলো গড়ে ওঠে। প্রথমে সীমিত পরিসরে কয়েকটিতে সিসা তৈরি হতো। বর্তমানে মরিচাপাড়া, চরবক্তারপুর ও আগবাগশোয়া গ্রামে সিসা তৈরির কাজ চলছে। নতুন করে আরও ২০টি চুল্লি স্থাপন করা হচ্ছে। মরিচাপাড়া গ্রামের দুটি চুল্লিতে গিয়ে দেখা যায়, ছন ও টিনের বেড়ার ছোট্ট একটি কুঁড়ে। এর সামনে গর্ত করে মাটির চুলার মতো দেখতে চুল্লি বানানো হয়েছে। এর ওপর লোহার কড়াইয়ে এসিড মেশানো ছাই ও গাদ ঢালা হয়। তারপর চুল্লির কয়লার আগুন ধরিয়ে শ্যালো ইঞ্জিন চালিয়ে প্রচণ্ড বেগে বাতাস দেওয়া হয়।সিসা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানান, ব্যাটারির ছাই ও গাদ পোড়ানোর কাজ সন্ধ্যার পর শুরু হয়ে সারা রাত ধরে চলে। এ সময় চুল্লি থেকে কয়েক শ গজ দূর পর্যন্ত বাড়িঘরে ছড়িয়ে পড়ে উৎকট গন্ধযুক্ত ধোঁয়া। এতে মরিচাপাড়া, চরবক্তারপুর, আগবাগশোয়াসহ এর পাশের রাকশা, নেওলাইপাড়া, বাগশোয়াপাড়া, নতুন ভারেঙ্গা, সোনাপদ্মাসহ কয়েকটি গ্রামের মানুষ দুর্বিষহ দিন কাটাচ্ছেন।রাকশা উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীন অভিযোগ করেন, গত তিন মাসে তাঁর চারটি ছাগল সিসার বিষে মারা গেছে। ছাগলগুলো সিসাচুল্লির পাশের মাঠের ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল।রাকশা গ্রামের আবদুর রাজ্জাক জানান, ১৫ দিন আগে তাঁর ভাই আবু সাঈদের একটি এবং তিন মাস আগে তাঁর বাবা রহম আলীর একটি গরু মারা যায়। চুল্লির পাশ থেকে ঘাস কেটে এনে খেতে দেওয়ার কিছুক্ষণের মধ্যে গরু দুটির মুখ থেকে লালা ঝরতে থাকে। একপর্যায়ে পশুগুলো মারা যায়।বক্তারপুর গ্রামের হোসেন আলী বলেন, ‘খোলার (সিসা তৈরির চুল্লি) কাছে আমার বোরো ধানের জমি ছিল। গত বছর ধানগাছ বড় হওয়ার পর খোলার ধোঁয়ায় গাছগুলো একরকম পুড়ে যায়। এক দানা ধানও পাই নাই।’মরিচাপাড়া গ্রামে মাসে পাঁচ হাজার টাকা বেতনে দুটি চুল্লির সিসা পোড়ানো তদারক করেন শাহজাহান আলী। সিসা পোড়ানোর সময় তীব্র ঝাঁজালো গন্ধের ধোঁয়া বের হয় বলে স্বীকার করেন তিনি। তবে শাহজাহান দাবি করেন, নদীর দিকে বাতাস বইলে চুল্লি চালু রাখা হয়। গ্রামের দিকে বাতাস বইতে থাকলে তা বন্ধ করে দেওয়া হয়।অনেকের সঙ্গে কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ব্যাটারি ভাঙার কাজ করেন সোনাপদ্মা গ্রামের নূর খাতুন ও রূপবান। তাঁরা জানান, দৈনিক ১০০ টাকা মজুরিতে তাঁরা এ কাজ করেন। তাঁদের দুজনের হাতেই ঘা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, সিসাচুল্লির মালিকদের মধ্যে রয়েছেন নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলম খাঁ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হেদায়েতুল ইসলাম ওরফে হেদাই, ইউনিয়ন বিএনপির নেতা লুৎফর রহমান প্রমুখ। চুল্লির মালিক আলম খাঁ দাবি করেন, চুল্লিগুলো যমুনার চরে ফাঁকা এলাকায় স্থাপন করা হয়েছে। এগুলোর কারণে কোনো গবাদিপশুও মারা যায়নি। অন্য রোগে কয়েকটি গরু মারা গেলে ‘স্বার্থান্বেষী মহল’ তার দায় সিসাচুল্লির ওপর চাপাচ্ছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল আলম বলেন, ‘দুই-তিন বছর আগে সিসার বিষক্রিয়ায় কয়েকটি গরু মারা যাওয়ার খবর পেয়েছিলাম। এ নিয়ে তখন ওই এলাকায় সালিস হয়েছিল। তবে সম্প্রতি সিসাচুল্লির কারণে কোনো গরু মারা গেছে কি না জানি না।’ তিনি আরও বলেন, ‘সিসার বিষাক্ত ধোঁয়া ফসলের খেত বা ঘাসের সংস্পর্শে এলে এবং সেই ঘাস গবাদিপশুর পেটে গেলে ক্ষতি হতে পারে।’বেড়ার ইউএনও মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ‘গত ২৬ ফেব্রুয়ারি এলাকাবাসীর কাছ থেকে পাওয়া লিখিত অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। শিগগিরই ওই এলাকা পরিদর্শনে যাব। সিসা তৈরির কারণে পরিবেশের ক্ষতি হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’