সিসি ক্যামেরার আওতায় আসছে ঠাকুরগাঁও শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নে ঠাকুরগাঁও শহরকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৫৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলার উন্নয়নের লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেয় পুলিশ বিভাগ। এ উদ্যোগ নিয়ে শহরের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তারা আলোচনায় বসে। আলোচনার পর পুলিশ প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীরা সিসি ক্যামেরা স্থাপনের কাজে এগিয়ে আসেন। সিসি ক্যামেরা স্থাপনে কারিগরি ও লোকবল দিয়ে সহযোগিতা করছে ঠাকুরগাঁওয়ের কম্পিউটার প্যালেস নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান। এরই মধ্যে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় ৫৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে গোটা শহরের গুরুত্বপূর্ণ সব স্থানই সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
সোনালী ব্যাংক থেকে প্রায় দুই লাখ টাকা তুলে গত বুধবার একটি রিকশা নিয়ে বাসায় আসেন শহরের একটি খাবার দোকানের মালিক মো. বারেকাল্লা। বাসায় ঢুকেই বারেকাল্লার মনে পড়ে, রিকশায় টাকার ব্যাগ ফেলে এসেছেন। ফিরে এসে আর রিকশাচালককে খুঁজে পাননি। এরপর ঘটনাটি তাঁর ছেলে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদকে জানান। পুলিশ সুপার রিকশাচালককে খুঁজে বের করার দায়িত্ব নেন। পরে তিনি বারেকাল্লাকে সঙ্গে নিয়ে শহরের সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বের করে রিকশাচালককে শনাক্ত করেন। ফুটেজের ছবি নিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল রিকশাচালকে আটক করে। পরে ওই রিকশাচালকের বাড়ি তল্লাশি করে খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মো. বারেকাল্লা বলেন, ‘শহর সিসি ক্যামেরার আওতায় ছিল বলেই আমি আমার টাকা ফেরত পেয়েছি।’
জেলা বণিক সমিতির সহসভাপতি মো. মনিরুজ্জামান বলেন, ‘এটা একটা ভালো উদ্যোগ। শহর নজরদারির আওতায় থাকলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে। এ কারণে আমরা শহরে সিসি ক্যামেরা স্থাপনের সহযোগিতায় এগিয়ে এসেছি।’
পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত শহরে ৫৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শহর ও শহরতলির পাড়া-মহল্লায় আরও এক হাজার ক্যামেরা স্থাপনের সুযোগ রয়েছে। স্থাপন করা সিসি ক্যামেরার সুফল এরই মধ্যে পেতে শুরু করেছি। শহর ও আশপাশের বড় বড় সভা, সেমিনার ও কর্মসূচি আমরা অস্থায়ী সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসে সুফল পেয়েছি।