সিসি ক্যামেরার আওতায় আসছে মৌলভীবাজার শহর

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও উন্নয়নে মৌলভীবাজার শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি) স্থাপন শুরু হয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মৌলভীবাজার শহরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে জেলার শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা এগিয়ে এলে তাঁদের আর্থিক সহযোগিতায় এই ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।
সিসি ক্যামেরা স্থাপনে কারিগরি, প্রকৌশলগত ও লোকবল দিয়ে সহযোগিতা করছে মৌলভীবাজারের কেব্ল ব্যবসার প্রতিষ্ঠান এমসিএন (মৌলভীবাজার কেব্ল নেটওয়ার্ক) এবং ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান মৌলভীবাজার ব্রডব্যান্ড। এরই মধ্যে মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় চারটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কুসুমবাগ এলাকায় তিনটি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এর পরে সদর থানা এলাকা, বেজবাড়ি রোডের সড়ক ও জনপথের মোড়, কোর্ট ভবন, বেরির পাড় মোড় এলাকায় প্রাথমিকভাবে ১৬টি সিসি ক্যামেরা বসানো হবে। পর্যায়ক্রমে গোটা শহরের গুরুত্বপূর্ণ সব কটি স্থানকেই সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
এমসিএনের চেয়ারম্যান হাসান আহমদ গতকাল বুধবার বলেন, ‘এ বিষয়ে জেলা পুলিশ উদ্যোগ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। আমরা ফাইবার অপটিক কেব্ল দিয়ে সাপোর্ট দিচ্ছি। মৌলভীবাজার ব্রডব্যান্ড প্রকৌশলগত দিকসহ বিভিন্ন সহযোগিতা দিচ্ছে। কাজ চলছে। কয়েক দিনের মধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়ে যাবে।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. খাইরুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, ‘পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়। মূলত ব্যবসায়ীদের সমর্থন, অনুদান ও সহযোগিতাতেই সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে চৌমোহনায় স্থাপন করা হয়েছে। এটি ভালোই কাজ করছে। আমরা সবকিছু দেখতে পারছি। আজ (গতকাল বুধবার) কুসুমবাগে স্থাপন হয়ে যেতে পারে। পর্যায়ক্রমে সারা শহরেই সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’