সিসি ক্যামেরার আওতায় আসছে নওগাঁ শহর
নওগাঁ শহরকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে ৬৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
নওগাঁ শিল্প ও বণিক সমিতি এ ক্যামেরাগুলো বসাতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে। সিসি ক্যামেরার কার্যক্রম নিয়ন্ত্রণ করবে জেলা পুলিশ। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বেলা ১১টায় শহরের নওজোয়ান মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মন্ত্রী নওগাঁ শিল্প ও বণিক সমিতির নেতাদের ধন্যবাদ জানান।
জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, সাংসদ ইসরাফিল আলম, পুলিশের ডিআইজি খুরশিদ আলম, জেলা প্রশাসক আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক প্রমুখ।