সিসি ক্যামেরার আওতায় আসবে ভূমি অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, গ্রাহক ভোগান্তি কমাতে সারা দেশের ভূমি অফিসগুলোয় ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরের বাকলিয়া ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন গিয়ে এ কথা বলেন তিনি।
কীভাবে গ্রাহক হয়রানি কমাবেন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ভূমি প্রতিমন্ত্রী বলেন, দেশের ভূমি অফিসগুলোয় সিসি টিভি বসানোর চিন্তাভাবনা চলছে। এর ফলে মন্ত্রণালয়ে বসে দেশের বিভিন্ন ভূমি অফিসে কাদের আনাগোনা, কারা কারা অনিয়ম করছে, তা তদারক করা যাবে।
এর আগে সকালে প্রতিমন্ত্রী হাটহাজারীর চিকনদণ্ডী ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেন। সেখানে তিনি গ্রাহকদের সঙ্গে কথা বলেন। অফিসের পাশের চায়ের দোকানে দালালদের আড্ডা কি না, তা-ও কর্মকর্তাদের কাছে জানতে চান তিনি। চিকনদণ্ডী থেকে দুপুরে তিনি নগরের বাকলিয়া ভূমি অফিসে যান। সেখানেও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন। ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে অনেক জায়গা থেকে অভিযোগ আসছে। সে জন্য আমি পরিদর্শন অব্যাহত রেখেছি। কারা কারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে খোঁজখবর রাখছি।’
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি অফিসগুলোয় গুণগত পরিবর্তন যে একেবারে হয়নি তা নয়। তবে এই পরিবর্তন মানুষের আশা পূরণ করেছে তা নয়। তিন বছর আগে যে অবস্থা ছিল, সে অবস্থা থেকে পরিবর্তন হয়েছে। আরও উন্নতির দরকার আছে। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না। তহশিলদারদের নিয়ে যথেষ্ট অভিযোগ আছে। তহশিলদারদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘আপনারা ভালো হয়ে যান। আপনাদের জন্য কোনো দুর্নাম সরকার নেবে না।’
এর আগে ৫ ফেব্রুয়ারি নগরের চান্দগাঁও ও আগ্রাবাদ ভূমি অফিস পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।