
গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে সম্প্রতি একটি প্রাইভেট কারের জানালার কাচ ভেঙে ক্যামেরা চুরি হয়। গোলচত্বরে বসানো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা দেখে অপরাধী শনাক্ত করে পুলিশ। পরে অপরাধী ধরা পড়ে এবং চুরি যাওয়া ক্যামেরাও উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তারা বলছেন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় বসানো সিসি ক্যামেরার কারণে প্রতিনিয়তই অপরাধীরা ধরা পড়ছে। সিসি ক্যামেরার আওতায় কোনো ঘটনা ঘটলে দিন-তারিখ মিলিয়ে সংশ্লিষ্ট এলাকার ফুটেজ বের করা যায়, যা পরে অপরাধের প্রমাণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রতিদিনই নতুন ১০-১৫টি নতুন ক্লোজড সার্কিট ক্যামেরা বসছে। গুলশান পুলিশ ফাঁড়িতে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব সিসি ক্যামেরা সার্বক্ষণিক নজরদারি করছেন পুলিশ সদস্যরা। গত বুধবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তির অনুষ্ঠানে সিসি ক্যামেরা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সেদিন সিসি ক্যামেরার সংখ্যা ছিল ৬৩০টি। নতুন ক্যামেরা বসায় গতকাল রোববার ক্যামেরার সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৫টির মতো।
গুলশান থানা এলাকায় ২০১৫ সালের ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি কার্যক্রম শুরু হয়। গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সমিতির অর্থায়নে প্রাথমিকভাবে বসানো হয় ১৩০টি ক্যামেরা। এগুলো গুলশান থানায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে নজরদারি করা হতো।
এ বছরের শুরুতেই নতুন সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। গুলশান থানায় স্থান সংকুলান না হওয়ায় গুলশান ২ নম্বরে অবস্থিত পুলিশ ফাঁড়িতে বড় পরিসরে নিয়ন্ত্রণকক্ষ গড়ে তোলা হয়। বর্তমানে সেখান থেকেই ক্যামেরাগুলো নজরদারি করা হচ্ছে।
গুলশান সোসাইটির মহাসচিব ওমর সাদাত প্রথম আলোকে বলেন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনে আইনশৃঙ্খলা সমন্বয় কমিটি (ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কমিটি বা এলওসিসি) করা হয়েছে। কমিটি এলাকার লোকজনের সহায়তায় ক্যামেরা বসিয়েছে। এসব ক্যামেরা বসানোয় এলাকায় অপরাধ কমেছে ও নিরাপত্তাব্যবস্থাও জোরদার হয়েছে।
গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সমিতি ক্যামেরাগুলো বসিয়েছে দাতাদের টাকায়। এর জন্য সাধারণ বাসিন্দাদের কোনো অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে না। এলাকাভিত্তিক সমিতিগুলোই ক্যামেরা দেখভাল ও রক্ষণাবেক্ষণ করছে।
গুরুত্বপূর্ণ সড়ক সংযোগগুলোতে লোহার খুঁটি বসিয়ে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। একটি খুঁটিতে দুটি, কোথাও চারটি থেকে ছয়টি পর্যন্ত ক্যামেরা লাগানো রয়েছে। ওই খুঁটিতেই ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) বক্স রয়েছে।
গতকাল রোববার গুলশান ১০২ নম্বর সড়কে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে গিয়ে দেখা যায়, মনিটরে চোখ রেখে যানবাহন চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করছেন তিনজন পুলিশ সদস্য। নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার মো. আশরাফুল করিম বলেন, নিয়ন্ত্রণকক্ষটি ১২০০ সিসি ক্যামেরা মনিটরিংয়ের সক্ষমতাসম্পন্ন। ১৫ জন পুলিশ সদস্য পালাক্রমে নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে জানা গেছে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের পাশাপাশি আবদুল্লাহপুর থেকে সোনারগাঁ ক্রসিং, কুড়িল উড়ালসড়ক থেকে রামপুরা সেতু, মহাখালী থেকে তেজগাঁও ও তেজগাঁও থেকে গুলশান লিংক রোড পর্যন্ত ১২০০ সিসি ক্যামেরা বসানো হচ্ছে। ক্যামেরাগুলো এই নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে নজরদারি করা হবে।
সিসি ক্যামেরার সব কাজ তদারকিতে থাকা গুলশান জোনের সহকারী কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, এসব ক্যামেরা অপরাধ, তদন্ত সহায়তা, যানজট নিয়ন্ত্রণসহ বহুমাত্রিক কাজে ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়ত এসব ক্যামেরায় ধারণ করা ছবি দেখে চুরি, ছিনতাইয়ে জড়িত অপরাধীদের ধরা হচ্ছে। ফলে এলাকায় অপরাধ আগের তুলনায় অনেক কমে গেছে।