সিসি ক্যামেরার আওতায় থাকছে সুপ্রিম কোর্ট এলাকা
পুরো সুপ্রিম কোর্ট চত্বর সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। শিগগির আদালত ও আশপাশের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা বসানোর কার্যক্রম শুরু হবে। এ ছাড়া সারা দেশের জেলা জজ আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের কাছে চিঠি দেবেন সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট সূত্র বলছে, রাজধানীর গুলশান ও শোলাকিয়ায় বড় ধরনের জঙ্গি হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান কমিটির নেতা ও জ্যেষ্ঠ আইনজীবীরা বৈঠক করেন। বৈঠকে সুপ্রিম কোর্টের নিরাপত্তাব্যবস্থা জোরদারসহ সারা দেশের আদালতের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। আদালত এলাকা পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় আনা হবে। আদালতে প্রবেশপথের সংখ্যাও কমানো হবে। আদালতের মূল ভবন সবগুলো ও অ্যানেক্স ভবনে থাকা দুটি ছাড়া অন্য পকেট গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। প্রত্যেক প্রবেশপথে স্ক্যানার বসানো হবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আরও বলেন, সারা দেশের আদালতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে চিঠি দেওয়া হবে। আজ বৃহস্পতিবার থেকে এ চিঠি পাঠানো হতে পারে। তিনি জানান, আইনজীবী, আইনজীবী সহকারীদের পরিচয়পত্র ব্যবহার করতে হবে। শিক্ষানবিশ আইনজীবীদের পরিচয়পত্রের ব্যবস্থা করতে হবে।