সিসি ক্যামেরার আওতায় সিলেট নগরের কেন্দ্রস্থল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকানোর লক্ষ্যে অপরাধী শনাক্ত করতে সিলেট নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজার এলাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জিন্দাবাজার মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করে সিটি মার্কেটের মনিটরিং কক্ষে কম্পিউটারের মাউস টিপে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর সূত্র জানায়, ছিনতাই ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রাথমিকভাবে জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত ১২টি ক্যামেরা লাগানো হয়েছে। এখন থেকে ২৪ ঘণ্টা এসব ক্যামেরার মাধ্যমে পুরো জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সব কার্যক্রম মনিটরিং করা হবে।
মেয়র বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত। পথচলতি মানুষের নিরাপত্তা দিতে এবং ছিনতাইসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতেই এ উদ্যোগ।
সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সিসি ক্যামেরা লাগানোর কাজে ব্যয় হয়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। জেল রোড পয়েন্ট থেকে নয়াসড়ক পয়েন্ট পর্যন্তও সিসি ক্যামেরা লাগানোর পরিকল্পনা আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মুহিত, সিসি ক্যামেরা লাগানোর কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ‘সিকিউরিটি ম্যানেজড সার্ভিস’-এর নির্বাহী পরিচালক খালেদ আকবর চৌধুরী উপস্থিত ছিলেন।