সিসি ক্যামেরায় ২০ কেন্দ্র পর্যবেক্ষণ
শহীদ জিয়া হলে ঢুকতেই চোখে পড়ে সার করে রাখা ১৩টি বড় আকারের এলসিডি টিভি মনিটর। পর্দায় দেখা যাচ্ছে ভোট কেন্দ্রের ভেতর ও বাইরের দৃশ্য। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানালেন, নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। এ নির্বাচনের ১৬৩টি কেন্দ্রর মধ্যে ২০টি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় ছিল।নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড়েই শহীদ জিয়া হল। শহরের একমাত্র সরকারি মিলনায়তন এটি। এখানেই বসানো হয়েছে নির্বাচনের নিয়ন্ত্রণকেন্দ্র। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণও হচ্ছে এখান থেকে। জানা গেল, ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে বসেও ওই কেন্দ্রগুলোর অবস্থা সরাসরি দেখা যাচ্ছে।যে ২০টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে, সেগুলো হলো: এক নম্বর ওয়ার্ডের মিজিমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়, দুই নম্বর ওয়ার্ডের মিজিমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয়, চার নম্বর ওয়ার্ডের শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচ নম্বর ওয়ার্ডের রেবুতি মোহন পাইলট উচ্চবিদ্যালয়, ছয় নম্বর ওয়ার্ডের সুনীলপাড়া উচ্চবিদ্যালয়, আট নম্বর ওয়ার্ডের পাটখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয় নম্বর ওয়ার্ডের ডালকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১ নম্বর ওয়ার্ডের আইইটি সরকারি উচ্চবিদ্যালয়, ১২ নম্বর ওয়ার্ডের এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল, ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল, ১৬ নম্বর ওয়ার্ডের শিশুপার্ক বিদ্যালয়, ১৭ নম্বর ওয়ার্ডের জয়গোবিন্দ উচ্চবিদ্যালয়, ১৮ নম্বর ওয়ার্ডের মৌলুয়া ইসলামিয়া মাদ্রাসা, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়া প্রাথমিক বিদ্যালয়, একই ওয়ার্ডের সোনাকান্দা বালক প্রাথমিক বিদ্যালয়, ২২ নম্বর ওয়ার্ডের শ্রমকল্যাণকেন্দ্র, ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মণখোলা উচ্চ বালিকা এবং ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া উচ্চবিদ্যালয়।জেএম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এ সিসি ক্যামেরাগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে ছিল। প্রতিষ্ঠানটির কারিগরি সহকারী জোবাইর বিন লিয়াকত প্রথম আলোকে বলেন, ‘আমরা ১২টি বড় মনিটরের মাধ্যমে এ ২০ কেন্দ্রের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। ওই কেন্দ্রগুলোর সারা দিনের চিত্র রেকর্ড করা হচ্ছে। এ ছাড়া বড় একটি মনিটরের মাধ্যমে পুরো জিয়া হল পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে ১৩টি এলসিডি পর্দায় সরাসরি দেখা যাচ্ছে নির্বাচনী এ কেন্দ্রগুলোর ভেতর ও বাইরের অবস্থা।’ তিনি বলেন, কেউ কোনো অভিযোগ করলে তার ভিত্তি আছে কি না, তা এই ছবির সঙ্গে মিলিয়ে দেখা যাবে এবং ব্যবস্থা নেওয়া সহজ হবে।