সিসি ব্লক দেবে ধসে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির রামগড় উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেনী নদীর তীর সংরক্ষণ কাজের সিসি ব্লক দেবে বাঁধ ধসে যাচ্ছে। এতে করে চলতি বর্ষায় ভাঙনের আশঙ্কা করছে এলাকাবাসী। তাদের অভিযোগ, তীর সংরক্ষণ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।সরেজমিন দেখা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তরেখায় প্রবাহিত ফেনী নদীর রামগড়ের আনন্দপাড়া ও দারোগাপাড়া অংশে বসানো সিসি ব্লক দেবে বাঁধ ধসে যাচ্ছে। বাঁধে বড় ধরনের গর্ত হয়ে ব্লক সরে যাচ্ছে। এই দুটি স্থানে মাত্র দুই মাস আগে কাজ শেষ করেন পাউবোর ঠিকাদার।পাউবো সূত্রে জানা যায়, ২০১১-১২ অর্থবছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে পাহাড়ি নদীটির ভাঙনকবলিত রামগড়ের আনন্দপাড়া (গফুর সর্দারচর-১ ও ২) ও দারোগাপাড়া অংশের মোট ৫৮৭ মিটার তীর সংরক্ষণ কাজ শুরু হয়। এপ্রিল মাসের মাঝামাঝি কাজ শেষ হয়। এ দুটি কাজে ব্যয় হয় দুই কোটি ৮৭ লাখ টাকা।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারেরা শিডিউল অনুযায়ী কাজ না করে মাটিমিশ্রিত বালু ও পাথরের ডাস্ট ব্যবহার করেছেন। সঠিকভাবে জিও টেক্সটাইল ব্যাগও ব্যবহার করা হয়নি। চার ইঞ্চি বালু ও কংক্রিটের স্তর না দিয়ে যেনতেনভাবে কাজ করেছেন। অনেক স্থানে পুরোনো সিসি ব্লক বসানো হয়েছে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস বলেন, ব্লক ধসে যাওয়ার খবর তিনি শুনেছেন। এ বিষয়ে আরও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পাউবো চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বপন বড়ুয়া জানান, ক্ষতিগ্রস্ত অংশ নতুনভাবে মেরামত করা হবে।যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান আলম অ্যান্ড ব্রাদার্সের মীর হোসেন ও নবারুন বিল্ডার্সের মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, শিডিউল অনুযায়ীই কাজ করা হয়েছে, গুণগত মানও বজায় রাখার চেষ্টা করা হয়েছে। চলতি বর্ষায় পাহাড়ি নদীর প্রবল স্রোতে ব্লক ধসে যাচ্ছে। ধসে যাওয়া অংশ নতুনভাবে মেরামত করা হবে।