সিসি ব্লক ধসে হুমকিতে ছোট যমুনা নদীর বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার ইদ্রাকপুরে ছোট যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের সিসি ব্লক ধসে যাওয়ায় বাঁধটি হুমকির মুখে পড়েছে। চলতি বর্ষা মৌসুমে ছোট যমুনা নদীর পানি বাড়লে বাঁধটি ভেঙে সংলগ্ন কয়েকটি গ্রামসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় দুই বছর আগে উপজেলার বালুভরা ইউনিয়নের ইদ্রাকপুরে ছোট যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের সিসি ব্লক ক্ষতিগ্রস্ত হয়। মেরামত না করায় গত বর্ষায় নদীর বাঁধ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় সেই সময় বাঁধটি ভাঙনের হাত থেকে রক্ষা পায়। স্থানীয় বাসিন্দারা চলতি বর্ষা মৌসুমের আগেই বাঁধটি মেরামতের দাবি জানিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত  বাঁধটি মেরামত করা হয়নি।

ইদ্রাকপুর গ্রামের বাসিন্দারা জানান, বাঁধের সিসি ব্লক ধসে যাওয়ার বিষয়টি তাঁরা স্থানীয় সাংসদ ছলিমউদ্দীন তরফদার সেলিমকে জানিয়েছিলেন। সম্প্রতি সাংসদ নিজে এসে নদীর ক্ষতিগ্রস্ত বাঁধটি পরিদর্শন করে মুঠোফোনে নওগাঁ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছিলেন। কিন্তু এখনো বাঁধটি মেরামতের উদ্যোগ নেয়নি।

ওই গ্রামের বাসিন্দা আজাদ, লিটন হোসেন, দেলোয়ার হোসেন ও ফারুক হোসেন বলেন, বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে গেলে তাঁদের গ্রামসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। বর্ষা মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগেই তাঁদের মধ্যে নদীর বাঁধ ভাঙনের আতঙ্ক বিরাজ করছে বলে তাঁরা জানিয়েছেন।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ইদ্রাকপুরসহ ছোট যমুনা নদীর বাঁধের চারটি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। সেগুলো মেরামতের বরাদ্দ চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।