
ছোট দুটি কক্ষ। পর্যাপ্তসংখ্যক শয্যা নেই। সব সময় চিকিৎসক ও নার্স থাকেন না। এ রকম নানা সংকট নিয়ে সীমিত পর্যায়ে চলছে চাঁদপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের হৃদ্রোগীদের সিসিইউর (করোনারি কেয়ার ইউনিট) কার্যক্রম। এতে এখানে ভর্তি হওয়া রোগীরা যথাযথ সেবা পাচ্ছে না।
সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সালেহ আহম্মদ বলেন, সিসিইউর জন্য একটি পৃথক ভবন এবং চিকিৎসক, নার্সসহ ৩০ থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন। কিন্তু রোগীদের ব্যাপক চাপ থাকায় এসব ছাড়াই হাসপাতালের কার্ডিওলজির দুজন চিকিৎসক ও দুজন নার্স দিয়ে সিসিইউর কার্যক্রম জোড়াতালি দিয়ে চলছে। প্রায় দুই বছর আগে এ কার্যক্রম শুরু করা হয়। অনেক দূর এগিয়েও জমির অভাবে সিসিইউর পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করার জন্য ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।
৬ নভেম্বর সরেজমিনে দেখা যায়, দ্বিতীয় তলায় পুরুষদের জন্য একটি এবং হাসপাতালের চতুর্থ তলায় নারী রোগীদের জন্য অন্য একটি কক্ষ সিসিইউ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কক্ষগুলো দ্বিতীয় তলায় সাধারণ পুরুষ ওয়ার্ড এবং চতুর্থ তলায় সাধারণ মহিলা ওয়ার্ডের শৌচাগারে পাশে। এতে ৮টি করে ১৬টি শয্যা আছে। এগুলোয় রোগী ও তাদের স্বজনেরা গাদাগাদি করে শুয়ে-বসে আছেন। এর মধ্যে পুরুষ রোগীদের কক্ষে দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র দীর্ঘদিন ধরে বিকল। দুটি কক্ষেই পাশের শৌচাগার থেকে দুর্গন্ধ আসছে।
কক্ষগুলোর দরজায় ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, রোগীর সঙ্গে একজনের বেশি থাকবেন না’ লেখা থাকলেও বাস্তবে সে নিয়ম পালন করা হচ্ছে না। কারণ, সেখানে নেই কোনো প্রহরী। প্রতিটি কক্ষে চিকিৎসক ও নার্সদের জন্য একটি চেয়ার ও টেবিল রয়েছে। প্রতিটি কক্ষের দৈর্ঘ্য ২০ ফুট ও প্রস্থ ১৮ ফুট।
খোঁজ নিয়ে জানা যায়, সিসিইউতে রোগীদের জন্য সার্বক্ষণিক অক্সিজেনের সিলিন্ডার এবং তিন পালায় তিনজন চিকিৎসক ও ছয়জন নার্স থাকার কথা। কিন্তু এখানে সব সময় অক্সিজেনের সিলিন্ডার থাকে না। চিকিৎসক ও নার্সরাও সার্বক্ষণিক থাকেন না। তবে হাসপাতালের দুজন হৃদ্রোগ বিশেষজ্ঞ ও সাধারণ ওয়ার্ডের দুজন নার্স এখানে মাঝেমধ্যে এসে সেবা দিয়ে যান।
হাসপাতালের মহিলা ওয়ার্ডের ইনচার্জ নার্স নার্গিস আক্তার বলেন, নানা সমস্যা নিয়ে এই সিসিইউতে প্রতিদিন ১২ থেকে ১৩ জন কখনো কখনো শয্যার চেয়ে বেশি হৃদ্রোগে আক্রান্ত রোগী ভর্তি থাকে। এতে চিকিৎসাসেবা দিতে চরম বেকায়দায় পড়তে হয়। অনেক সময় ফ্লোরে হৃদ্রোগে আক্রান্ত রোগীদের শয্যার ব্যবস্থা করতে হয়।
হাসপাতালের ভর্তি হওয়া নারী হৃদ্রোগী ফরিদগঞ্জ গোয়াল ভাওরের রহিমা বলেন, সিসিইউর রোগীদের জন্য আলাদা শৌচাগার নেই। এ কারণে তাঁদের সাধারণ ওয়ার্ডের নোংরা শৌচাগার ব্যবহার করতে হয়।
ফরিদগঞ্জ বলিয়ারপুর এলাকার রুস্তম গাজী বলেন, ‘আমি তিন দিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছি। আমার হার্টে বড় ধরনের ব্লক ধরা পড়েছে। কিন্তু এখানে সিসিইউর পূর্ণাঙ্গ সুবিধা না থাকায় আমাকে ঢাকায় রেফার করা হচ্ছে। এতে আমার বাড়তি টাকা খরচ করতে হবে।’
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট মো. জাহাঙ্গীর কবির বলেন, এখানে মেডিকেল কলেজ নেই। সিসিইউর জন্য আলাদা কোনো বিভাগ নেই। তারপরও স্থানীয়ভাবে কর্তৃপক্ষ দুই বছর আগে হাসপাতালের দুটি কক্ষ সিসিইউ হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে। এতে এখানে হৃদ্রোগীরা কিছুটা হলেও সেবা পাচ্ছে। তবে সিসিইউর জন্য আলাদা ভবন ও বিভাগ করা হলে সেখানে চিকিৎসক-নার্সসহ সিসিইউর সব সুবিধা পাওয়া যেত।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট মুনতাকিম হায়দার বলেন, প্রতি মাসে এখানে ৩০০ হৃদ্রোগী ভর্তি হয়। এখানে পূর্ণাঙ্গ সিসিইউ চালু করা হলে চাঁদপুরের পাশাপাশি লক্ষ্মীপুর, শরীয়তপুরসহ অন্যান্য জেলার রোগীরাও উপকৃত হতো।