সিসিটিভি ফুটেজের দুই যুবককে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলাবাগানে জোড়া খুনের মামলায় তদন্তে অগ্রগতি নেই। জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয় হত্যাকারীদের অবস্থান পুলিশ ছয় দিনেও নিশ্চিত হতে পারেনি।
গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাঁর ধানমন্ডির বাসায় জোড়া খুনে তিনজনকে শনাক্তের কথা জানিয়েছিলেন।
একাধিক গণমাধ্যমে নাজমুল হোসেন ওরফে নিশাত ও মোহম্মদ সামিত নামে দুই যুবকের ছবি প্রকাশিত হওয়ার পর গত বৃহস্পতিবার রাতে র্যা ব নাজমুলকে জিজ্ঞাসাবাদ করে। এ ছাড়া গতকাল শনিবারও নাজমুল ও সামিতকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তদন্তকারী দুটি সংস্থাই বলছে, হত্যাকাণ্ডে এই দুই যুবকের সম্পৃক্ততা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তাঁরা ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী।
গত সোমবার কলাবাগানের উত্তর ধানমন্ডির ৩৫ নম্বর বাড়ির দোতলার বাসায় ঢুকে জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব রাব্বীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, মামলার তদন্তে নতুন কোনো অগ্রগতি নেই। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ, মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে এবং তদন্তে প্রাপ্ত তথ্য থেকে হত্যাকারীদের কারও অবস্থান এখনো নিশ্চিত হওয়া যায়নি।
র্যা ব সূত্র জানায়, জোড়া খুনের সূত্র খুঁজতে প্রত্যক্ষদর্শী, আশপাশের দোকানি, লোকজনসহ অন্তত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যা ব। তাঁদের তথ্যের ভিত্তিতে কয়েকজনকে শনাক্তও করা হয়েছে। সোর্স নিয়োগ করে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
গতকাল শনিবার বিকেলে কাঁঠালবাগানের বাসায় নাজমুল হোসেনের সঙ্গে প্রথম আলো প্রতিবেদকের কথা হয়। স্নাতক শ্রেণির ছাত্র নাজমুল বলেন, তিনি ও সামিত বন্ধু। একাধিক গণমাধ্যমে তাঁদের ছবি প্রকাশের পর তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘর থেকে বের হতে পারছেন না। সারাক্ষণ তাঁদের ঘরে বসে দিন কাটাতে হয়। গণমাধ্যমের কারণে তাঁরা এখন চাপে আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাঁদের সন্দেহের চোখে দেখছে।
নাজমুল জানান, ঘটনার দিন সোমবার বিকেলে কলাবাগানের ডলফিনের গলিতে সামিতের বাসার কাছে তাঁর সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানে গলির মোড়ে একটি রিকশাভ্যানে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। সামিত এলে তাঁরা দুজনে মোহাম্মদপুরে একটি ফ্যাশন ডিজাইনের শোরুম দেওয়া নিয়ে আলাপ করছিলেন। এর দু-এক মিনিটের মধ্যে খুব কাছ থেকে রিকশার টাওয়ার ফাটার মতো আওয়াজ হয় এবং কিছুক্ষণ পর কয়েকজন যুবককে দৌড়ে যেতে দেখেন দুই বন্ধু। এই যুবকেরা ঢোলা প্যান্ট পরা ছিল। কাঁধে ছিল ল্যাপটপের কালো ব্যাগ। গোলযোগ থেকে দূরে থাকার জন্য দুই বন্ধু তখন হেঁটে নিজ নিজ বাসায় চলে যান।
নাজমুল বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যা ব-২-এর একটি দল তাঁকে শেরেবাংলা নগর কার্যালয়ে নিয়ে যায়। সেখানে তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন সকাল সাতটা-সাড়ে সাতটার দিকে র্যা ব সদস্যরা তাঁকে তাঁর বাসায় নামিয়ে দিয়ে যান।