সিসিটিভি বসানোর দাবি আফরোজা আব্বাসের

সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী মোতায়েন ও কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি বসানোর দাবি করেছেন ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
গতকাল শনিবার রাজধানীর গোপীবাগে গণসংযোগের সময় আফরোজা আব্বাস বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি করছি এবং কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি চাইছি। যেন জনগণ দেখতে পারে, ভেতরে কী হচ্ছে, সংবাদমাধ্যম দেখতে পারে, বিশ্ব দেখতে পারে।’
আফরোজা বলেন, ‘সরকার সুষ্ঠু নির্বাচনের কথা বললেও এখনো সেই পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচনী প্রচারে আমাদের কর্মীদের ওপর হামলা চলছে। গতকালও (শুক্রবার) দলের নেতা-কর্মীরা দুপুরে বাসায় যাওয়ার পর তঁাদের বাসা ঘেরাও করে রাখে পুলিশ। বাসার বিভিন্ন রুম তল্লাশি করে। আমাদের অনেক নেতা-কর্মীকে সরকার তুলে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে। আমরা এসব ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি, আগামী দিনগুলোতে কমিশন সরকারের আজ্ঞাবহ না হয়ে নিরপেক্ষভাবে কাজ করবে। জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।’
তবে কাদের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে, তা তিনি স্পষ্ট করেননি।
অন্য প্রশ্নের জবাবে আফরোজা বলেন, ‘আগামী মঙ্গলবার নাগাদ হাইকোর্টের তৃতীয় বেঞ্চে আব্বাসের জামিনের বিষয়টি সুরাহা হতে পারে। আমরা আশা করব, ওই দিন সরকার তাঁর জামিনের ব্যবস্থা করবে। এরপর আব্বাস প্রচারণায় আসবেন।’
গতকাল সকালে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে প্রচারণা শুরু করেন আফরোজা। এরপর রাজধানীর টিকাটুলী, স্বামীবাগ, ওয়ারী, দয়াগঞ্জ, সূত্রাপুর, গেন্ডারিয়া, নারিন্দায় দিনভর প্রচারণা চালান।