সিসিটিভির ফুটেজ রাখেনি রেইনট্রি হোটেল
যে রাতে রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেছেন, ওই দিন ‘অস্বাভাবিক কিছু দেখেনি’ হোটেল কর্তৃপক্ষ। আজ শনিবার সেখানে পরিদর্শনে যাওয়া জাতীয় মানবাধিকার কমিশনের অনুসন্ধান দলের কাছে এ কথা বলেছেন তাঁরা। জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য এবং এই অনুসন্ধান দলের প্রধান মো. নজরুল ইসলাম আজ প্রথম আলোকে এ কথা বলেন। তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে তারা ২৮ দিন পর্যন্ত সিসিটিভির ফুটেজ সংরক্ষণে রাখে। ওই দিনের ফুটেজ তাই তাদের কাছে নেই।
গত ৮ এপ্রিল দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনার বিষয় তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করে কমিশন। আজই প্রথম এ কমিটির দুজন হোটেলটি পরিদর্শনে যান। কমিটির অন্যজন ছিলেন তদন্ত কমিটির সদস্য ও জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. শরিফ উদ্দিন।
মো. নজরুল ইসলাম বলেন, তাঁরা হোটেল রেইনট্রির ব্যবস্থাপক ফ্রাঙ্ক ফরগেট, খাবার পরিবেশক, নিরাপত্তার সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। হোটেল কর্তৃপক্ষ বলেন, শাফাত আহমেদ ও নাঈম আশরাফের নামে হোটেলের দুটি কক্ষ ভাড়া নেওয়া হয়েছিল। দুই কক্ষের মধ্যে একটি স্যুইট। এটি ভিআইপি কক্ষ হিসেবেও গণ্য করা হয়। ওই রাতে জনা দশেক গেস্ট হোটেলে ছিলেন বলে জানানো হয়।
রেইনট্রি হোটেলের কয়েকজন কমিশনকে বলেন, রাত সাড়ে ১২টার দিকেও বাইরের লোক চলে না যাওয়ায় তাঁরা গিয়ে শাফাত ও নাঈমকে বিষয়টি জানান। তাঁরা বলেন, সেখানে পার্টি দেওয়া হয়েছে বলেই বেশি লোকজন এসেছে। তবে পার্টি শেষে তাঁরা চলে যাবেন। হোটেলের লোকজন বলেন, দুজনের নামে দুই কক্ষ ভাড়া নেওয়া হলেও পরদিন সকালে দুই তরুণীকে তাঁরা হোটেল থেকে চলে যেতে দেখেছেন।
নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই তরুণীকে চলে যেতে দেখলেও এ বিষয়ে তাঁরা কেন শাফাত ও নাঈমকে বলেননি? আমাদের এমন প্রশ্নের জবাবে হোটেলের কর্মীরা বলেন, স্যুইট ভাড়া নেওয়া ব্যক্তিদের তাঁরা ‘ভিআইপি’ বলে গণ্য করেন। এসব বিষয় নিয়ে তাঁদের কাছে গিয়ে কথা বলার সাহস তাঁরা পাননি।
ওই রাতে কথিত পার্টি চলার সময় হোটেলের কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি বলে কর্তৃপক্ষ তাঁদের জানায়, উল্লেখ করেন নজরুল ইসলাম।
আরও পড়ুন...