সিসিসিকে নিজস্ব আয় বাড়াতে তাগিদ দিলেন সৈয়দ আশরাফ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চট্টগ্রাম সিটি করপোরেশনকে (সিসিসি) শক্তিশালী করতে নিজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিসিসি মিলনায়তনে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।মন্ত্রী বলেন, নিজস্ব আয় না বাড়লে নগরের উন্নয়নকাজের জন্য কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে হবে। এতে নিজেদের স্বাধীনতা খর্ব হবে এবং উন্নয়নকাজ বাধাগ্রস্ত হবে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সিটি করপোরেশনের বকেয়া পাওনা আদায়ের অনুরোধ জানিয়ে বলেন, প্রয়োজনে আইনের দ্বারস্থ হোন। স্থানীয় সরকার মন্ত্রণালয় আপনাদের সর্বাত্মক সহায়তা করবে।সিসিসির মেয়র মোহাম্মদ মন্জুর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ও আফরোজা কালাম।সৈয়দ আশরাফ বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কুনমিং সড়ক ও গভীর সমুদ্রবন্দর হলে এ মহানগর লাভবান হবে এবং এর গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে। এ জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং মন্ত্রণালয়ে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আটকে থাকা সব প্রকল্পের ছাড় দেওয়া হবে। তিনি চট্টগ্রামের মেয়রকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘উন্নয়নের কোন কোন প্রকল্প অনুমোদন পায়নি তা জানান। এক বসাতেই সব সমাধান হবে বলে আমি মনে করি।’স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের মেয়র বুধবার রাস্তায় মিছিল করেছেন, আজকে (বৃহস্পতিবার) আমরা তাঁর সঙ্গে বসেই চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা করছি। এটিই আমাদের সরকারের লক্ষ্য।’ প্রসঙ্গত, মন্জুর মেয়র নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথমবারের মতো বিএনপির প্রকাশ্য সমাবেশে অংশ নেন।সভায় মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা করপোরেশনের বিভিন্ন সংকট, উন্নয়ন প্রকল্প আটকে থাকা এবং লোকবলের স্বল্পতার কথা উল্লেখ করেন।ওয়াসায় মতবিনিময়সিসিসিতে মতবিনিময়ের পর বেলা একটার দিকে স্থানীয় সরকারমন্ত্রী চট্টগ্রাম ওয়াসা মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি চট্টগ্রাম শহরে পানি সরবরাহ বাড়ানোর লক্ষ্যে ওয়াসার তিনটি প্রকল্প বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি বলেন, রাজনীতির কারণে আগের সরকার চট্টগ্রাম ওয়াসার প্রকল্পগুলো বন্ধ রেখেছিল। আমরা পানি ও স্থানীয় সরকার-ব্যবস্থা নিয়ে দলবাজি করতে চাই না।সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ ও সমবায় কর্মকর্তা আবদুল লতিফ বক্তব্য দেন।