সিসিসির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করছে দুদক
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সহকারী প্রকৌশলী মো. সাইফুর রহমানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার কমিশন ওই মামলার অনুমোদন দেয় বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উপপরিচালক হামিদুল হাসান শিগগিরই মামলা করবেন।
দুদক সূত্র জানায়, অনুমোদিত ওই মামলায় ওই প্রকৌশলীর বিরুদ্ধে ৩৫ লাখ ৩৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে।
সূত্র আরও জানায়, ২০০৯ সালে মো. সাইফুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। সম্পদ বিবরণী নোটিশ দেওয়ার পর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১ লাখ ৪০ হাজার ৪৫২ টাকার সম্পদের তথ্য গোপন করেন তিনি। এ ছাড়া অনুসন্ধানে তাঁর ৩৩ লাখ ৯৩ হাজার ৫৯১ টাকার সম্পদ পাওয়া গেছে, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। দুদকের উপপরিচালক হামিদুল হাসান মামলার সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন জমা দিলে কমিশন তা অনুমোদন দেয়।