সিয়াম হত্যা মামলা প্রধান আসামি মেহেদী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের স্কুলছাত্র আরাফাত রহমান সিয়াম (১০) হত্যা মামলার প্রধান আসামি মেহেদী মণ্ডলকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পর গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার বক্তাবলী এলাকার একটি বাড়ি থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

গত বছরের ২২ নভেম্বর সিয়ামকে বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরদিন মুন্সিগঞ্জের শান্তিনগর কবরস্থানের পাশ থেকে বস্তাবন্দী অবস্থায় সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এর আগে পুলিশ মেহেদী মণ্ডলের বাবা ফারুক মণ্ডল, মা মেরিনা মণ্ডল, মেহেদীর বন্ধু হূদয় আহমেদ ও হত্যাকাণ্ডে অংশ নেওয়া ভাড়াটে খুনি আসলামকে গ্রেপ্তার করে। আসলাম গত বছরের ২৫ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সিয়াম মাসদাইরের মোস্তফা মাতবরের ছেলে।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, মেহেদীর কবুতরের প্রতি সিয়ামের ঝোঁক ছিল। এ জন্য  মেহেদীর সঙ্গে সিয়ামের সখ্য গড়ে ওঠে। কবুতর কেনার জন্য সিয়াম বাসা থেকে ১০ হাজার টাকা নিয়ে মেহেদীর হাতে তুলে দেয়। ঘটনাটি জানাজানি হলে সিয়ামকে মেহেদীর সঙ্গে চলাফেরা করতে নিষেধ করা হয়। এ কারণে  মেহেদী  সিয়ামকে হত্যার পরিকল্পনা করেন।