সিয়াম হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের স্কুলছাত্র আরাফাত রহমান সিয়াম আহমেদ (১০) হত্যা মামলার আসামি মেরিনা মণ্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরের শাসনগাঁও এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মেরিনা প্রধান আসামি মেহেদী মণ্ডলের মা। তাঁর পরামর্শেই হত্যাকাণ্ডের পর সিয়ামের লাশ গুম করা হয়েছিল বলে আসলাম নামের এক আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেরিনা মণ্ডলকে তাঁর বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মেরিনা মাসদাইর এলাকার ফারুক মণ্ডলের স্ত্রী।
গত ২৪ নভেম্বর শহরের আদর্শ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র সিয়ামের বস্তাবন্দী লাশ মুন্সিগঞ্জের শান্তিনগর কবরস্থানের সামনে থেকে উদ্ধার করে পুলিশ। পরদিনই পুলিশ হত্যাকাণ্ডে জড়িত ভ্যানচালক আসলাম ও মেহেদীর বন্ধু হূদয় আহমেদকে (১৮) গ্রেপ্তার করে। এর মধ্যে আসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।