সিয়ামের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে আহত শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সিয়াম খানকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করেন।
নড়িয়া উপজেলার বিঝারী গ্রামের দরিদ্র জাহাজ শ্রমিক ফারুক খানের ছেলে সিয়াম খান (১৭) নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্র। গত ৬ এপ্রিল দুপুরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের পরামর্শে তার দুটি হাত কবজির ওপর থেকে কেটে ফেলতে হয়েছে।
‘দুর্ঘটনার জন্য দায়ী কে? দুটি হাত কেটে ফেলতে হয়েছে সিয়ামের’ শিরোনামে গত ২৪ এপ্রিল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুই দফা তার শরীরে অস্ত্রোপচার করা হয়। সংক্রামক হয়ে যাওয়ায় ১২ এপ্রিল বাঁ হাত কবজির ওপর পর্যন্ত কেটে ফেলে দেওয়া হয়। এরপর ১৬ এপ্রিল একইভাবে ডান হাতটিও কেটে ফেলতে হয়। তার মেরুদণ্ডের হাড় ভেঙে বের হয়ে যাওয়ার কারণে তা-ও অস্ত্রোপচার করতে হবে। এখনো সিয়াম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।