ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে বিটুমিন জমাট বেঁধে এবড়োখেবড়ো, কোথাও কোথাও বিটুমিন উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে রাতের বেলায় দূরপাল্লার অনেক গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে।
দিনের বেলায় এসব অংশে চলাচলকারী যানবাহনগুলো ধীরগতিতে চলার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।
বর্ষার আগে এসব খানাখন্দ ও এবড়োখেবড়ো সড়ক গাড়ি চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন গাড়িচালকেরা। তাঁরা অভিযোগ করে বলেন, প্রতিবছর বর্ষার সময় মহাসড়ক সংস্কারের কাজ শুরু করে কর্তৃপক্ষ। তখন কাজের স্থায়িত্ব থাকে না। যানজট লেগে থাকে। কখনো কখনো বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকে। তখন কষ্টে গাড়ি চালাতে হয়।
সড়ক ও জনপদ বিভাগের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ করিম খানাখন্দ ও এবড়োখেবড়ো হওয়ার কথা স্বীকার করে বলেন, আবহাওয়া ভালো হলে এসব অংশের সংস্কারকাজ শুরু হবে। তবে জলিল গেইট, ভাটিয়ারী ও মাদামবিবিরহাট অংশে কংক্রিট পেভমেন্ট (ঢালাই) করতে হবে। তবে একটু সময় লাগবে। যদিও সম্প্রসারিত অংশে এ কাজ হয়ে গেছে।
সম্প্রসারিত চার লেন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স লিমিটেডের উপপ্রকল্প পরিচালক এফ আর ফেরদৌস সংস্কার প্রসঙ্গে বলেন, রোদ উঠলেই সাময়িক সংস্কারকাজ করা হবে, যাতে গাড়ি ভালোভাবে চলাচল করতে পারে।
ট্রাকচালক মো. জসিম বলেন, রাতের বেলায় খানাখন্দের ওপর দিয়ে চালাতে বেশ অসুবিধা হয়। বর্ষা শুরু হতে না হতে পুরো সড়ক খানাখন্দে ভরে যাবে। সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরে নিয়মিত যাতায়াতকারী সাইফুল মাহমুদ বলেন, সরকার সড়কের খানাখন্দ এখনই যদি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ না করে, তাহলে তা বড় হয়ে গত বছরের মতো অবস্থা সৃষ্টি হবে। তখন গাড়িগুলোর দুই ঘণ্টার পথ যেতে লাগবে পাঁচ ঘণ্টা, আবার কোনো কোনো সময় সাত-আট ঘণ্টাও লেগে যাবে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতেয়াজ বলেন, মহাসড়কে এবড়োখেবড়ো ও খানাখন্দের কারণে গাড়িগুলো ধীরে চলাচল করতে হয়। এ কারণে যানজট লেগে যায়। এতে হাইওয়ে পুলিশের ওপর চাপ বেড়ে যায়।