চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা দুই দিন ধরে শান্ত। দেশে হরতাল বা অবরোধের মতো রাজনৈতিক কোনো কর্মসূচি নেই। তার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল খুবই কম। এ অবস্থায় পরিবহন ভাড়া দু-তিন গুণ বেড়েছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ৩৭ কিলোমিটার এলাকায় দুর্বৃত্তরা অন্তত ৭৯টি গাড়িতে আগুন দেয়। ভাঙচুর করে তিন শতাধিক গাড়ি। এই অংশে দুর্বৃত্তদের ধারাবাহিক নাশকতার কারণে অনেক পরিবহন মালিক মহাসড়কে গাড়ি নামানোর সাহস পাচ্ছেন না।
গতকাল শনিবার সরেজমিনে মহাসড়কের সীতাকুণ্ড অংশ ঘুরে অন্য সময়ের তুলনায় খুব কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। সীতাকুণ্ড পৌর এলাকায় মহাসড়কে অন্য সময় যানবাহনের ব্যাপক চাপ থাকলেও গতকাল তেমন কোনো চাপ ছিল না। অনেক সময় পর পর যানবাহন আসা-যাওয়া করছিল।
সীতাকুণ্ড পৌরসভার বাসিন্দা কবির উদ্দিন বলেন, ‘আমাদের এলাকার সুনাম ছিল। এখন এটি সন্ত্রাসের জনপদ হয়ে গেছে। অন্য সময় মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়া যেত না। আর এখন গাড়ি নেই বললেই চলে।’
পণ্যভর্তি গাড়ি নিয়ে গতকাল সারা দিন চট্টগ্রাম বন্দর এলাকায় অলস সময় কাটান শঙ্কর কুমার নাহা। বিকেলের দিকে তিনি ফেনীর উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছাড়েন। ট্রাকচালক নাহা প্রথম আলোকে বলেন, ‘সীতাকুণ্ড অংশে কী হয়, সেই ভয়ে সকালে বের হইনি। মহাসড়কে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কি না, সারা দিন খোঁজখবর নিয়ে যাত্রা শুরু করেছি।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড দিয়ে প্রতিদিন গড়ে ২৬ হাজারের বেশি গাড়ি চলাচল করে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ১৮-দলীয় জোট তিন দফা হরতাল কর্মসূচি দেয়। তখন থেকে এই পথে গাড়ি চলাচল কিছুটা কমে আসে। এর মধ্যে ৭৯টি গাড়িতে আগুন ও তিন শতাধিক গাড়ি ভাঙচুরের পর পরিবহন মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারণ, একেকটি গাড়ির দাম ৫০ লাখ থেকে কোটি টাকার বেশি। সীতাকুণ্ডের বিভিন্ন জায়গায় প্রতিদিন কারণে-অকারণে গাড়ি ভাঙচুর করছে ও পোড়াচ্ছে দুর্বৃত্তরা।
জানা গেছে, চট্টগ্রাম আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির অধীনে ছয় হাজার ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি আছে। দেশের অন্যান্য পরিবহন সংস্থার রয়েছে আরও প্রায় চার হাজার গাড়ি। এসব গাড়ি চট্টগ্রাম থেকে সারা দেশে মালামাল বিশেষ করে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যের মালামাল পরিবহন করে।
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ বলেন, প্রায় এক মাস ধরে ধারাবাহিক নাশকতায় সীতাকুণ্ড আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে। অনেক মালিক গাড়ি নামাতে সাহস পাচ্ছেন না। হরতালেও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। সমিতির সাংগঠনিক সম্পাদক জাফর আলম বলেন, ‘চিহ্নিত দুর্বৃত্তরা এসব নাশকতার সঙ্গে জড়িত। তাদের কঠোরভাবে দমনের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুত্ মিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড দিয়ে গাড়ি চলাচল কমার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ভয়ে পরিবহন মালিক ও শ্রমিকেরা এই পথে গাড়ি কমিয়ে দিয়েছেন। তবে দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযোন চালাচ্ছে। দুর্বৃত্তরা ধরা পড়েছে। আশা করছি, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’
এ অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ট্রাক-লরির ভাড়া বেড়ে গেছে। ১২ থেকে ১৫ হাজার টাকার ভাড়া ৪৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে। তিন গুণ ভাড়া বৃদ্ধির এই প্রভাব পড়েছে পণ্যের বাজারে। এতে কার্যত ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বলেন, ভয় আর আতঙ্কের কারণে পরিবহন শ্রমিক ও মালিকেরা মহাসড়কে গাড়ি নামাতে সাহস পাচ্ছেন না। হঠাত্ করে লাফ দিয়ে এভাবে গাড়িভাড়া বেড়ে যাওয়া অর্থনীতির জন্য অশনিসংকেত। এভাবে চলতে থাকলে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে।