সীতাকুণ্ড ইকোপার্ক থেকে তরুণীর লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে পার্কটির সুপ্তধারা পয়েন্ট এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা উজ্জ্বল কান্তি মজুমদার প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে বন বিভাগের কর্মচারীরা তরুণীর লাশ দেখতে পেয়ে তাঁকে জানান। তিনি বিষয়টি থানাকে অবহিত করেন। পরে বন বিভাগ, পার্কের ইজারাদারের প্রতিনিধি ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার এসআই সুজয় কুমার মজুমদার বলেন, ওই তরুণীকে গত শুক্রবার রাতের কোনো এক সময় খুন করে দুর্বৃত্তরা। পরে লাশটি টিলার নিচে ফেলে দেওয়া হয়। সালোয়ার-কামিজ পরা ওই তরুণীর মাথায়, কানে ও মুখে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
পার্কটির অন্যতম ইজারাদার মো. সোহেল বলেন, মূল ফটক ছাড়াও ইকোপার্কে প্রবেশ করার একাধিক পথ রয়েছে। কর্তৃপক্ষকে বলার পরও ওই পথগুলো বন্ধ করতে পারছে না তারা। রাতের বেলায় অন্য কোনো পথে ওই তরুণীকে পার্ক এলাকায় নিয়ে খুন করা হতে পারে।