সীতাকুণ্ড ও আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গতকাল সোমবার মিনিট্রাকের ধাক্কায় মো. সুমন (২৬) নামে লেগুনাচালকের এক সহকারী মারা গেছেন। একই দিন আনোয়ারা উপজেলায় ট্রাকচাপায় মারা গেছেন জামাল উদ্দিন (২৭) নামে একজন বাইসাইকেল আরোহী।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে লেগুনাটিকে পেছন থেকে ধাক্কা দেয় বেপরোয়াগতির একটি মিনিট্রাক। এতে লেগুনার পেছনের দিকে থাকা সুমন ঘটনাস্থলেই প্রাণ হারান। ট্রাকটিও উল্টে যায়। এ সময় সড়কের পাশে থাকা চার ব্যক্তি আহত হয়। তারা হলো শীতলপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী নাদিয়া আক্তার (১২) ও জুলি আক্তার (১৩) এবং পথচারী বাদল (৩০) ও ঝর্ণা আক্তার (৩০)।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান বলেন, সুমনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।
আনোয়ারায় সড়ক দুর্ঘটনাটি ঘটে গতকাল সকাল ১০টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায়। নিহত বাইসাইকেল আরোহী জামাল উদ্দিন সাতকানিয়া উপজেলার পশ্চিম আমিলাইশ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা কয়েকটি বাসকে পাশ কাটাতে গিয়ে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৮-৮১৫৫) জামালকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।